ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ইতিহাস বিকৃতি, গুম-খুন ও দমন-পীড়নের মাধ্যমে মানুষের ওপর অন্যায় চাপিয়ে দেওয়া হয়েছে। বিদেশে বসে অপতৎপরতা চালিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় রিজভী অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও ফ্যাসিস্টরা বিএনপির নেতাদের হুমকি দিচ্ছে। তবে সরকার তা ঠান্ডা মাথায় সামাল দিতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চেষ্টা প্রসঙ্গে রিজভী বলেন, ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে রক্ত ঝরিয়ে যেভাবে আওয়ামী লীগ দেশ ছেড়েছে, একইভাবে রক্তের ওপর দিয়ে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছে দলটি। তবে কোনো ষড়যন্ত্রই আর সফল হতে দেওয়া হবে না।
