যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের শীর্ষ ১০ ‘মোস্ট ওয়ান্টেড’ পলাতক আসামির একজন এবং ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত কুখ্যাত মাদক সম্রাট ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেসকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর সামরিক বাহিনী। শুক্রবার রাতে সিনালোয়া অঙ্গরাজ্যের গুয়াসাভে এলাকায় চালানো এই রুদ্ধশ্বাস অভিযানে তাঁর মাদক পাচারকারী চক্রের আরও দুই শীর্ষ নেতা ধরা পড়েন; তবে অভিযানকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভয়াবহ সংঘর্ষে চার সেনাসদস্য ও সাত হামলাকারীসহ মোট ১১ জন নিহত হয়েছেন। শনিবার মেক্সিকোর নিরাপত্তাপ্রধান ওমর গার্সিয়া হারফুচ এই তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, ২০ বছরেরও বেশি সময় ধরে মেজা ফ্লোরেস ও তাঁর চক্র যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হেরোইন, মেথঅ্যামফেটামিন, কোকেন ও গাঁজা পাচার করে আসছিল। ‘বেলত্রান লেইভা’ কার্টেলের অন্যতম শীর্ষ এই নেতা সম্প্রতি সিনালোয়া কার্টেলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ‘লস মায়োস’ গোষ্ঠীর সঙ্গে জোট বেঁধেছিলেন।
কার্টেল দমনে ব্যর্থ হলে মেক্সিকোর ভেতরে একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির চাপে সাম্প্রতিক সময়ে মেক্সিকো সরকার শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান জোরদার করেছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর গোয়েন্দা সংস্থাগুলোর কৌশলগত তথ্য বিনিময়ের মাধ্যমে দেশটির সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিশেষ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

শুক্রবার রাতে গুয়াসাভেতে অভিযানের সময় কার্টেল সদস্যরা বিভিন্ন সড়কে গাড়ি পুড়িয়ে জ্বলন্ত ব্যারিকেড তৈরি করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে জড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মেক্সিকান বাহিনীর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, বেসবল খেলা চলাকালে দর্শকদের প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি এবং রাতের বাজারের পাশে সাধারণ মানুষের লুকিয়ে থাকার দৃশ্য দেখা গেছে।
অভিযানে চারজন পদাতিক সেনাসদস্য নিহত ও সাতজন হামলাকারী মারা যাওয়ার পাশাপাশি আটজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এল চাপো ইসিদ্রো, চক্রের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত তাঁর চাচাতো ভাই এবং অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকারী ভগ্নিপতিকে শনিবার ভোরে মেক্সিকো সিটিতে নিয়ে বিশেষায়িত প্রসিকিউটরের দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি .৫০-ক্যালিবার রাইফেল, গ্রেনেড লঞ্চার ও দুটি হাতবোমা জব্দ করা হয়। শনিবারের মধ্যে সিনালোয়ার সহিংসতা অনেকটাই কমে এলেও রাতভর আতঙ্কে ঘরবন্দী থাকা বাসিন্দাদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
