ভবিষ্যতে দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তির উত্থান না ঘটে, সে লক্ষ্যে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠে অনুষ্ঠিত ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সব পক্ষকে আহবান জানানো হলেও কেউ কেউ রাজপথে লং মার্চের মতো কর্মসূচির পথ বেছে নিয়েছে। বর্তমান সরকারের মেয়াদ মাত্র ছয় মাস অতিক্রম করার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কারণেই বাধ্য হয়ে সীমিত পরিসরে মূল্য সমন্বয় করতে হয়েছে। মূলত সীমান্ত দিয়ে জ্বালানি পাচার ঠেকানো এবং বৈশ্বিক বাজারের দরের সঙ্গে সার্বিক ভারসাম্য রক্ষাই ছিলো সরকারের এ সিদ্ধান্তের প্রধান কারণ।
তেলের দাম বাড়ায় জনগণের সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আশ্বস্ত করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও তার সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য কমিয়ে আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার এবং গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
