আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন না। গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ যাদের বিদায় জানিয়েছে, রাজনৈতিক অঙ্গনে তারা আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না।
মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন স্পষ্ট ভাষায় বলেন, ৫ আগস্ট দেশের সাধারণ জনগণ রাজপথে নেমে আওয়ামী লীগকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। গণহত্যা ও বিভীষিকাময় শাসনের পর বাংলাদেশে ফিরে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ আওয়ামী লীগের আর নেই। দেশের জনগণও তাদের আর কখনো গ্রহণ করবে না।
রাজনৈতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর একটি নতুন সম্পর্ক ও আঁতাতের আভাস মিলছে। তারা যদি দেশ ও জনগণের বিরুদ্ধে কোনো নতুন চক্রান্তে লিপ্ত হয়, তবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তা রাজপথেই কড়া হাতে প্রতিহত করবে।
জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে ‘হিন্দু মানেই দাঁড়িপাল্লা’ বলে যে মন্তব্য করেছিলেন, দেশের হিন্দু সম্প্রদায় তা বহু আগেই প্রত্যাখ্যান করেছে। এই ধরনের সাম্প্রদায়িক বক্তব্য দেওয়ার পর তাঁর রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন ওঠে। দেশের সাধারণ মানুষ জামায়াতকে বিরোধী দল হিসেবেও দেখতে চায় না বলে তিনি মন্তব্য করেন।
পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু ও ইসরাইল হোসেন জীবনসহ স্থানীয় নেতারা।
