বিপিএলে টানা ৫ খেলায় ম্যান অব দা ম্যাচ হয়ে বিশ্বরেকর্ড গড়লেও আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজিকে আকৃষ্ট করতে পারেননি সাকিব আল হাসান। নিলামে তাকে নেয়নি কোনো দল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শনিবার (১২ ফেব্রুয়ারি) শুরু হয় শিখর ধাওয়ানকে দিয়ে। ভারতের বেঙ্গালুরুতে নিলাম চলবে আগামীকাল রোববারও। তাই এখনো সাকিবের দল পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখালে পরে আবার তার নাম উঠতে পারে।
এবারই প্রথম আইপিএল হতে যাচ্ছে ১০ দল নিয়ে। গত বছর নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
২০০৯ আইপিএলে প্রথম নিলামে নাম তুলেছিলেন সাকিব। সেবার কোনো দল তাকে নেয়নি। পরে অবিক্রীত থেকে যান ২০১০ আইপিএলেও। আইপিএলে প্রথমবার দল পান তিনি ২০১১ আইপিএলে। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয় ৪ লাখ ২৫ হাজার ডলারে। এরপর থেকে ভারতের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি ছিলেন নিয়মিত মুখ।
আরও পড়ুন: বিসিবি যেন আজন্ম লেট লতিফ
এবারের আইপিএল নিলামে চোখ রয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। কারণ নিলামে চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
একাত্তর/আরএ
