লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাচ্ছেন, এই ঘোষণা দেওয়ার পর থেকেই ক্লাবটির জনপ্রিয়তা বিদ্যুত গতিতেই বাড়ছে। তবে অবাক করার মতো ব্যাপার হলো, গুগলে সার্চে মায়ামিকে আর্জেন্টাইনদের চেয়েও বেশি খুঁজেছেন বাংলাদেশিরা!
লিওনেল মেসি একটা ভালোবাসা, একটা আবেগের নাম। এই নামের সাথেই জড়িয়ে আছে বিশ্বের লাখো কোটি মানুষের আবেগ। তবে বাংলাদেশে আর্জেন্টিনা আর মেসির জনপ্রিয়তা ধারণার চেয়েও বেশি, যা দেখা গেছে গত ফুটবল বিশ্বকাপে।
আর্জেন্টিনার মানুষও এখন জানেন, বাংলাদেশের মানুষ মেসি বলতেই অজ্ঞান! ক্ষুদে জাদুকর যে ক্লাবেই যাবেন, সেই ক্লাব নিয়েও আগ্রহের অন্ত নেই বাংলাদেশিদের। যুক্তরাষ্ট্রের মেজর সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সারা বিশ্ব থেকে ইন্টার মায়ামির খবর নেয়া শুরু হয়ে গেছে। তবে অবাক করার মতো ব্যাপার হলো, গুগলে সার্চে এই ক্লাবকে আর্জেন্টাইনদের চেয়েও বেশি খুঁজেছেন বাংলাদেশিরা! ট্রেন্ডটা এমন- মেসি যেন বাংলাদেশের কোন ছেলে।

গুগল ট্রেন্ডে ওয়েব সার্চে জনপ্রিয়তার সর্বোচ্চ মানদণ্ড ধরা হয় ১০০। বাংলাদেশ সেই মানদণ্ডে একশতে একশ পেয়ে শীর্ষেই আছে। আর্জেন্টিনা পেয়েছে ৮৪। মেসির ক্লাবকে খোঁজার দিক দিয়ে বাংলাদেশের এগিয়ে থাকার খবরটি দিয়েছেন মেজর লিগ সকারের লেখক ফাভিয়ান রেনকেল।
আরও পড়ুন: নিজেকে সেরা মানতে নারাজ পেপ গার্দিওলা
টুইটারে তিনি এনিয়ে একটি পরিসংখ্যান উপস্থাপন করেছেন তিনি। সেখানে দেখা যায় বাংলাদেশ তালিকার শীর্ষে রয়েছে। দুইয়ে আছে আর্জেন্টিনা। তারপর পরেই আছে নেপাল, হাইতি, আইভরি কোস্টের মতো অনেক দেশ। তবে সবার উপরে থাকছে বাংলাদেশই।
