শ্রীলঙ্কার বিপক্ষে মিডিল অর্ডারে স্পেশাল ব্যাক-আপ প্ল্যান নিয়ে টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। সাকিব না থাকলেও স্পিন অপশন যথেষ্ট শক্তিশালী, বলছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত।
সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিলেটে খেলা শুরু সন্ধ্যা ৬টায়। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ দল।
সিলেটের নেট প্র্যাকটিসে হঠাৎই একটা বল এসে লাগলো মাহমুদউল্লাহ রিয়াদের পাঁজরের হাড়ে। ওই ৩৮ বছর বয়সী বুড়ো হাড়ের ভেলকিতে কদিন আগে জিতেছেন বিপিএলে নিজের প্রথম শিরোপা। কঠিন সাধনায় ফিটনেস নিয়ে গেছেন বেঞ্চমার্ক লেভেলে। তাই বলের আঘাত দিব্যি হজম করে ফের সপাটে ব্যাট চালিয়েছেন সাইলেন্ট কিলার।
বড় সময় পর টি-টোয়েন্টি দলে ফেরা রিয়াদকে প্লে করতে হবে ভাইটাল রোল, তাকে দলে চাননি যে হাথুরুসিংহে, সেই লঙ্কান কোচ বাধ্য হয়েই এখন বুঝিয়ে দিচ্ছেন দায়িত্ব। কারণ রিয়াদের জায়গায় এখনো যে নিজেকে প্রমাণ করতে পারেনি হাথুরুর আর কোনো প্রিয় ছাত্র।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে রিয়াদই সেরা দুই ব্যাটারের একজন। প্রায় ৩০০ রান, আর স্ট্রাইকরেটটাও দেড়শর কাছাকাছি, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা মোর দেন এনাফ। তবে লঙ্কানদের বিপক্ষে মিডিল অর্ডারে শক্ত অবস্থান ধরে রাখতে বাড়তি ভাবনাও আছে টিম ম্যানেজমেন্টের।
শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটিতে সাকিব আল হাসান। এই দলটার বিপক্ষে বোলিং এন্ডে টপ পারফর্মারদের মধ্যে কেবল মোস্তাফিজ আর রিয়াদ আছেন এবারের স্কোয়াডে। তবে ইনজুরি কনসার্নের কারণে বোলিংটা করছেনা আপাতত। তবে টাইগারদের নয়া কাপ্তান সাকিবের অনুপস্থিতিতে স্পিন অপশন নিয়ে অন্তত কোনো দুশ্চিন্তা করছেন না।
ক্যাপ্টেন শান্ত আশার কথা শোনালেও শর্টেস্ট ফরম্যাটে লঙ্কার বিপক্ষে অতীত পরিসংখ্যান তেমন সুবিধাজনক নয়। এপর্যন্ত খেলা ১৩ টি-টোয়েন্টির মাত্র চারটা জিতেছে বাংলাদেশ, যে জয়ের আবার সবশেষটা এসেছে ২০১৮ সালে। এমনকি হোমগ্রাউন্ডে এসেও তেম সুবিধা করা যায়নি, এপর্যন্ত খেলা এই ফরম্যাটের পাঁচ ম্যাচে জয় মাত্র একটা। মিরপুরে ২০১৬ সালের সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছিল ২৩ রানে।
বিপিএলে সিলেটের উইকেট ট্রিকি হয়ে ওঠায় সমালোচনা কম হয়নি। এই মাঠে লঙ্কানদের বিপক্ষে একটামাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হেরেছিল ৭৫ রানে। সেবার ২১০ রান তুলেছিল শ্রীলঙ্কা, এই মাঠে টি-টোয়েন্টিতে সেটাই এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড। যেখানে বাংলাদেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি দলীয় স্কোর ১৫৭। এর চেয়ে বেশি টোটাল সিলেটের মাঠে আছে আরও পাঁচটা দেশের। শান্তদের সামনে সিরিজ জয়ের চ্যালেঞ্জ, গেল বছরটা টি-টোয়েন্টিতে দুর্দান্ত কাটিয়েছে বাংলাদেশ, সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় আশার কথা।
প্রথমবার বিপিএল শিরোপার স্বাদ পেলো বরিশাল