প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে ৪৮ দলের ইতিহাসের বৃহত্তম ফুটবল বিশ্বকাপ। আসরে ৪৭ ও ৪৮তম দল হিসেবে উজবেকিস্তান ও কলম্বিয়া নিজেদের প্রথম ম্যাচ খেলার মাধ্যমে শেষ হলো সব দলের উদ্বোধনী পর্বের খেলা। অর্থাৎ, বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলই ইতিমধ্যে একটি করে ম্যাচ খেলে ফেলেছে এবং প্রতিটি দলের সামনেই এখনো দুটি করে ম্যাচ বাকি রয়েছে।
প্রথম ম্যাচেই কিছু দল পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ড তথা শেষ বত্রিশের টিকিট কাটার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেছে। বিশেষ করে যে গ্রুপগুলোতে মাত্র একটি করে দল জয় পেয়েছে, তারা নক আউটের স্বপ্ন দেখতেই পারে। সব দলের প্রথম ম্যাচের লড়াই শেষে ১২টি গ্রুপের শীর্ষ ও দ্বিতীয় স্থানের চুলচেরা বিশ্লেষণ নিয়ে এই প্রতিবেদন।

স্বাগতিক মেক্সিকোর দুর্দান্ত জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে তারা। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে মেক্সিকানরা। এই গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়ার পয়েন্টও সমান ৩, তারা চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে।
অন্যদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ‘বি’ গ্রুপের প্রথম দুটি ম্যাচই ১-১ গোলে ড্র হয়েছে। সুইজারল্যান্ড ও কাতার এবং কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা, চারটি দলই ১ পয়েন্ট করে পেলেও ফেয়ার প্লের দারুণ কাটছাঁটে শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা।

‘সি’ গ্রুপে হাইতিকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করেছে স্কটল্যান্ড। এই গ্রুপের অন্য ম্যাচে দুই পরাশক্তি মরক্কো ও ব্রাজিল ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে।
তবে ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে মরক্কো, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে সন্তুষ্ট থাকতে হচ্ছে তিন নম্বরে। ‘ডি’ গ্রুপে প্যারাগুয়েকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। একই গ্রুপের অন্য ম্যাচে তুরস্কের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়া।

গোলবন্যার ‘ই’ গ্রুপে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে জায়ান্ট জার্মানি। কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে তারা। এই গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আইভরিকোস্ট, যারা ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে।
‘এফ’ গ্রুপেও দেখা গেছে গোল উৎসব। তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শীর্ষে অবস্থান করছে সুইডেন। এই গ্রুপের অন্য ম্যাচটিতে জাপান ও নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করে রোমাঞ্চ ছড়ালেও, ফেয়ার প্লেতে এগিয়ে থেকে গ্রুপের দ্বিতীয় স্থানটি দখলে রেখেছে জাপান।

নাটকীয়তায় ঠাসা ‘জি’ গ্রুপের দুটি ম্যাচই ২-২ গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ড, ইরান, বেলজিয়াম ও মিসর- চারটি দলেরই পয়েন্ট এখন সমান ১। তবে ফেয়ার প্লের নিয়মে সবাইকে টপকে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় স্থানটি ইরানের দখলে।
‘এইচ’ গ্রুপে বড় চমক দেখিয়েছে পুচকে কেপ ভার্দে, যারা ইউরোপীয় চ্যাম্পিয়ন শক্তিশালী স্পেনের মতো দলকে গোল শূন্য ড্রয়ে রুখে দিয়েছে। এই গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়ে ও সৌদি আরবের লড়াইটি ১-১ গোলে ড্র হওয়ায়, বেশি গোল করার সুবাদে উরুগুয়ে রয়েছে শীর্ষে এবং সৌদি আরব রয়েছে দ্বিতীয় স্থানে।

অনুমিতভাবেই ‘আই’ গ্রুপে শুভ সূচনা করেছে দুই পরাশক্তি। ইরাককে ৪-১ গোলে হারিয়ে বড় জয় দিয়ে টেবিলের শীর্ষে বসেছে নরওয়ে। অন্যদিকে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
‘জে’ গ্রুপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে রানরেটের সুবিধায় শীর্ষে অবস্থান করছে। এই গ্রুপের অন্য ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া।

সবশেষে ‘কে’ গ্রুপে নবাগত উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বিয়া। এই গ্রুপের অন্য ম্যাচে ডিআর কঙ্গো ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ১-১ গোলে ড্র করেছে, তবে ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় দুই নম্বরে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো।
আর ঐতিহ্যবাহী ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। গ্রুপের অন্য ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানটি নিজেদের করে নিয়েছে আফ্রিকান পরাশক্তি ঘানা। প্রথম ম্যাচ শেষেই দলগুলোর এমন উত্থান-পতন ইঙ্গিত দিচ্ছে, আগামী ম্যাচগুলোতে শেষ বত্রিশে যাওয়ার লড়াই আরও কতটা জমজমাট ও ঝাঁঝালো হতে চলেছে!
