হরমুজ প্রণালী দিয়ে গোপনে চলাচলের চেষ্টার সময় নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
রোববার (১৫ নভেম্বর) আল-জাজিরার এক প্রতিবদেন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জাহাজ দুটি চলাচলের সময় নিজেদের নৌ-পরিচালনা ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল। এ ছাড়া জলপথটি পার হওয়ার জন্য তারা অনুমোদনহীন পথ ব্যবহার করছিল।
বিবৃতিতে আরও বলা হয়, দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর গোপনে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করা আরও দুটি জাহাজ নৌবাহিনীর ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রের সতর্কবার্তা মেনে নেয়। পরে জাহাজ দুটি পারস্য উপসাগরের জলসীমার দিকে ফিরে যায়।
আইআরজিসি নৌবাহিনীর দাবি, সতর্কবার্তা উপেক্ষা করে গোপনে চলাচলের চেষ্টা করায় জাহাজগুলো নৌমাইনের আঘাতের শিকার হয়।
