বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল রাজকীয় ঢঙে, অতিথিদের আপ্যায়নে প্রায় ১ হাজার ২০০ মানুষের খাবারের আয়োজন, ডিজে তৈরি, আর কনে হিনা বিয়ের সাজে বসে আছেন বর আসার অপেক্ষায়।
কিন্তু সব আয়োজন ভেস্তে গেল শুধুই একটা গাড়ির বায়নায়! সাড়ে ৯ লাখ রুপির হুন্দাই অরার বদলে ১৩ লাখ রুপির মারুতি ব্রেজা না পেয়ে বিয়ের আসর থেকে বর ও তার মা ফিরে যাওয়ায় শেষ পর্যন্ত চাকরি হারানোর মতো বড় ধাক্কা খেলেন দিল্লি পুলিশের এক কনস্টেবল।
যৌতুকের দাবিতে বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে অভিযুক্ত কুলদীপকে তাৎক্ষণিক বরখাস্ত করেছে দিল্লি পুলিশ, আর শুরু হয়েছে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া।
ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানায়, গত ২০ নভেম্বর। প্রায় ছয় মাস আগে কনের বাবা সুভাষ কুমার মেয়ে হিনার সঙ্গে দিল্লি পুলিশের আউটার নর্থ জেলায় কর্মরত কনস্টেবল কুলদীপের বিয়ে ঠিক করেছিলেন। অভিযোগ অনুযায়ী, বিয়ে পাকা হওয়ার পর থেকেই গাড়ি ও গয়নার দাবি উঠতে থাকে।
সুভাষ কুমার আগেই কুলদীপের জন্য প্রায় সাড়ে ৯ লাখ রুপির হুন্দাই অরা বুক করেছিলেন। কিন্তু বিয়ের ঠিক আগের দিন মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি জানতে পারেন, ওই গাড়িতে কুলদীপ খুশি নন—তার চাই প্রায় ১৩ লাখ রুপির মারুতি ব্রেজা। তড়িঘড়ি অরার বুকিং বাতিল করে ব্রেজা খুঁজলেও হাতে সময় কম থাকায় ও কয়েকটি শোরুমে গাড়ি না থাকায় তা জোগাড় করতে পারেননি তিনি।
কনের বাবার দাবি, সাধ্যমতো সব আয়োজনেই কোনো কমতি রাখেননি তারা—বিয়েতে ২৫ থেকে ৩০ লাখ রুপি খরচ করেছেন। বরের জন্য দুই ভরির সোনার চেইন, মায়ের জন্য চার ভরির সোনার দুল ও রুপার নূপুর, এমনকি বরের ভাই ও ভাবির জন্যও গয়নার অর্ডার দেওয়া হয়েছিল।
১ লাখ ৩২ হাজার রুপির আসবাবপত্রের পাশাপাশি বরের পক্ষের খরচের কথা থাকলেও ১১ হাজার রুপির সাজানো ঘোড়া ও ১৩ হাজার রুপির ডিজের ব্যবস্থাও করেছিলেন সুভাষ। অথচ বিয়ের দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুলদীপ ও তার মা সাধারণ পোশাকে অনুষ্ঠানে এসে ব্রেজা গাড়ি না দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগ, কনের বাবা ও ভাই সাহিলের সঙ্গে তর্কাতর্কি ও গালিগালাজের একপর্যায়ে আত্মীয়স্বজন হাতজোড় করে অনুরোধ করলেও তারা বিয়ের আনুষ্ঠানিকতা না সেরেই চলে যান। মণ্ডপে বসে থাকা কনে, বরপক্ষের মাত্র ২০-৩০ জন অতিথির উপস্থিতি আর না খেয়েই ফিরে যাওয়া স্বজনদের ভিড়ে চরম আর্থিক ক্ষতি ও অপমানের মুখে পড়েন সুভাষ।
ঘটনার পর ১১২ নম্বরে পুলিশে খবর দেওয়া হয় এবং সোনিপত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কনের বাবা। সোনিপতের ডিসিপি জিতেন্দর গেহলাওয়াত জানান, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য পরিবারটি এক দিন সময় চেয়েছিল। অন্যদিকে সোমবার দিল্লি পুলিশ জানিয়েছে, যৌতুকের দাবি ও বিয়ে ভেঙে দেওয়ার মতো গুরুতর অসদাচরণের দায়ে কনস্টেবল কুলদীপকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয়েছে এবং বিধি অনুযায়ী বিভাগীয় তদন্ত চলছে।
তথ্যসূত্র: এনডিটিভি
