রাজধানীতে বিআরটিএ'র অভিযান স্বত্বেও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না বাস ভাড়া নিয়ে নৈরাজ্য। সুযোগ পেলেই চালক ও সহকারীরা ইচ্ছেমত ভাড়া আদায় করছে।
বুধবারও (২৪ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাব্বাইক ও প্রজাপতি পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ মিলেছে।
পরিবহন শ্রমিকদের দাবি, মালিকদের নির্দেশে বাড়তি ভাড়া আদায় করছে তারা। যদিও এমন দাবি ক্রমাগত অস্বীকার করেই যাচ্ছেন মালিকরা।
সোবহানবাগ মসজিদের ইমাম মওলানা আবদুর রাজ্জাক গেলো ৪০ বছর ধরে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ইসলামিক অনুষ্ঠান সঞ্চালনা করে আসছেন।
লাব্বাইক পরিবহনে কারওয়ান বাজার থেকে যাচ্ছিলেন আমিন বাজারের লোহার ব্রিজ এলাকায়। তার গন্তব্য দশ কিলোমিটার। কিন্তু তার থেকে ভাড়া আদায় করা হয়েছে ৪০ টাকা।
ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ভয়ে এই মানুষটিকে মিথ্যাবাদী বানাতে গিয়ে ১০ হাজার টাকার জরিমানা গুণতে হলো বাসটিকে। ম্যাজিস্ট্রেটের কাছে কসম কেটেও শেষ রক্ষা হলো না।
আবার, প্রজাপতি পরিবহনে মোহাম্মদপুর থেকে মিরপুরের ভাড়া নেয়া হচ্ছে ২৫ টাকা। কেনো বেশি ভাড়া নিচ্ছেন জানতে চাইলে মালিকের নির্দেশের কথা জানায় বাসের সহকারী।
কিছু বাস মালিক কিভাবে বাড়তি ভাড়া নেওয়ার নির্দেশ দেন, সেই প্রশ্ন ছিলো পরিবহন মালিক সমিতির নেতা মহারাজ হোসেনে কাছে। জবাবে তিনি বলেন, এমন তথ্য তাদের কাছে নেই।
আরও পড়ুন: আরও ১৮ লাখ ফাইজার টিকা উপহার দিলো যুক্তরাষ্ট্র
আর, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের এই চেষ্টা যতদিন নির্মূল না হবে ততদিন অভিযান চলবে জানিয়েছে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।
এদিকে, কাগজে কলমে গেটলক সার্ভিস বন্ধের কথা বলা হলেও, ওয়েবিলের নামে স্বল্প দূরত্বে এখন আদায় হচ্ছে বেশি ভাড়া। যা নিয়ে যাত্রীদের ক্ষোভ থাকলেও সমাধান হয়নি।
অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে বুধবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১৪টি স্থানে ১০টি অভিযান পরিচালনা করেছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। এতে ৪৩টি বাসকে এক লাখ ৭৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
একাত্তর/আরএ
