বঙ্গোপসাগরে মাছ ধরা নিয়ে দুই ট্রলারের জেলেদের মধ্যে সংঘর্ষে সাত জেলে আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সোনারচরের নিকটবর্তী শিবচর সংলগ্ন বঙ্গোপসাগরে জাল পেতে মাছ ধরছিলেন উপজেলার সদর ইউনিয়নের গঙ্গিপাড়া গ্রামের জসিম হাওলাদারের মালিকানাধীন ট্রলারের জেলেরা।
এসময় তাদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ে, যা দেখে চরমোন্তাজের নাজমুল হোসেনের মালিকানাধীন ট্রলারের জেলেরাও সেখানে গিয়ে জাল পাতেন। একই স্থানে জাল পাতা নিয়ে জসিম ও নাজমুলের জেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ালে নাসির উদ্দিন খান (৬০), সবুজ হাওলাদার (৪০) ও ইব্রাহিম ফকিরসহ (৩৫) সাতজন আহত হন।
এ ঘটনায় বুধবার সকালে রাঙ্গাবালী থানায় জেলে ট্রলারের মালিক জসিম হাওলাদারের ছেলে তছলিম হাওলাদার একটি লিখিত অভিযোগ করেন।
সংঘর্ষে আহত জসিম হাওলাদারের ট্রলারের মাঝি নাসির উদ্দিন খান জানান, দুই-তিনদিন ধরে ওই বোট (ট্রলার) তাদেরকে মাছ ধরতে দেখে। ঘটনার দিন রাতে এসে তাদের সামনে গিয়ে খেও (জাল পাতে) দেন।
আরও পড়ুন: আতশবাজি কারখানায় বিস্ফোরণে দুই কারিগর নিহত
এ ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে তাদেরকে মারধর করা হয়। পরে তারা সেখান থেকে চলে গেলে কিছুক্ষণ পর আরও একটি বোট নিয়ে তাদের ওপর হামলা করে বোটে থাকা সবকিছু সব নিয়ে যান।
এসময় নাসির উদ্দিনের হাতে দা দিয়ে কোপ দিয়ে এবং তিনিসহ সাত জেলেকে পিটিয়ে আহত করা হয়।
এ ব্যাপারে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজান জানান, দুই বোটের জেলে আহত হওয়ার খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসজে
