কম্বোডিয়ার মেকং নদীতে অতিরিক্ত যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে কমপক্ষে ১৪ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানী নম পেনের দক্ষিণ-পূর্বে কান্দাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কান্দালের পুলিশ প্রধান চেন সোচেত।
এ দুর্ঘটনায় নিহত সবার বয়স ১১ থেকে ১৪ বছরের মধ্যে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি জানান, ফেরিতে অতিরিক্ত যাত্রী বহন ও অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে। এমনকি, নিরাপত্তার জন্য ফেরিতে কোনো লাইফজ্যাকেটও ছিল না।
এ দুর্ঘটনায় দুইজন শিক্ষার্থী ও ফেরির দুই চালককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
আরও পড়ুন: যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেং বরখাস্ত
এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে ভুক্তভোগীদের পরিবারকে সহায়তা করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন।
চলমান বর্ষা মৌসুমের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সময় নদীপাড়ের লোকজনের সাবধান থাকা উচিৎ।
একাত্তর/এসজে
