মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের সাহেব আলী হত্যা মামলার আসামি আউয়াল মাতবরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে শনিবার (৪ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে। নিহত আউয়াল মাদবর মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রাম এর কাশেম মাদবারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের কাশেম মাদবরের ছেলে আউয়াল গ্রামে ব্যবসা করতেন।
শনিবার রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন তিনি। রাতে দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে।
পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, আউয়াল একটি হত্যা মামলার আসামি ছিলেন। কয়েক বছর আগে একই এলাকায় সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা মামলার আসামি ছিলেন আউয়াল।
নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন আউয়ালকে কুপিয়ে হত্যা করেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আউয়াল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।
একাত্তর/এসজে
