নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে পোস্টার ও দাওয়াতপত্রে নাম নিচে দেয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার সমর্থকদের বিরুদ্ধে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চন বাজারে এ ঘটনা ঘটে।
আহত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, তিনি স্থানীয় ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বাড়ী কাঞ্চন পৌরসভার হাটাব টেক পাড়া এলাকায়।
আগামী ২৩ ফেব্রুয়ারি হাটাব বর্নানী যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে টেকপাড়া কবরস্থান উন্নতিকল্পে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে তৈরি পোস্টার ও দাওয়াত কার্ড ছাপানো হয়।
আবুল কালাম আজাদের অভিযোগ, এতে অতিথি হিসেবে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির নাম পরে লেখায় ক্ষিপ্ত হয়ে তিনি ও তার সহযোগী বাছির, মতিউর রহমান, লোহা শাহিন, মঞ্জুর আলম, মতিন, খোকনসহ ১০-১২ জন হাতে লোহার রড, লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত কাঞ্চন বাজারে ইয়ামিন এর চা-দোকানে সামনে পেয়ে আবুল কালাম আজাদের পথ রোধ করে। এসময় তারা তাকে বেধড়ক পিটিয় গুরুত্বর জখম করে।
পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শিক্ষকের ছোট ভাই আতাউল করিম বাদী হয়েছে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: পরিচয় মিলেছে গুলশানের আগুনের ঘটনায় নিহত যুবকের
এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত গোলাম রসুল কলি মুঠোফোনে জানান, তার সমর্থক মতিনের সাথে শিক্ষকের কথা কাটাকাটি হয়। এসময় একটু হাতাহাতির ঘটনা ঘটে। তবে সাথে সাথে ঘটনার মীমাংসা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন জানান, শিক্ষককে মারধরের ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
একাত্তর/এসজে
