ছুরিকাঘাতে পাঠাও রাইডার রাজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত মোটরসাইকেল ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা জেলা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (নিরস্ত্র) মো. মোশাররফ হোসেন।
জানা গেছে, গ্রেপ্তারকৃত দুইজন হলেন সাইদুর রহমান ওরফে নবু (৩২) ও সেলিম (২৯)। টাঙ্গাইলের মির্জাপুর থানার এক মামলায় তারা জেলহাজতে ছিলেন। পরে ওই দুইজনই পাঠাওচালক রাজিব হত্যায় জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করে পিবিআই। আদালত তা মঞ্জুর করলে রাজিব হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাভারের আশুলিয়ায় বাইপাইল থেকে গত বছরের ১৯ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে দুই যাত্রী নিয়ে চন্দ্রার উদ্দেশ্যে রওনা দেন পাঠাও রাইডার রাজিব। পথে কবিরপুরে পদ্মা ফিলিং স্টেশন পেট্রল পাম্পের সামনে পৌঁছালে যাত্রীদের একজন চালকের পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান তারা।
জানা যায়, মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে তাকে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিবিআই জানায়, রাজিব হোসেন (৩৪) টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার নাল্লাপাড়া গোয়ারিয়া গ্রামের মো. জাফর মিয়ার ছেলে। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিস্তিতে ক্রয়কৃত মোটরসাইকেলটি ভাড়ায় চালিয়ে সংসারের খরচ চালাতেন তিনি।
রাজিব হত্যার ঘটনায় তার পিতা মো. জাফর মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আশুলিয়া থানা পুলিশ মামলাটি তদন্ত করে ঘটনার কোন কূলকিনারা করতে না পেরে আবেদন করে মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করে।
এ ঘটনার পাঁচমাস পর হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল ছিনতাই চক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আরও পড়ুন: অজ্ঞাত পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (নিরস্ত্র) মো. মোশাররফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা রাজিব হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেন এবং পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/জো
