হিনডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশের এক মাসের মাথায় আদানি গ্রুপের শেয়ারের টানা দরপতনের ফলে তাদের বাজার মূলধনের পরিমাণ কমে দাঁড়িয়েছে সাত লাখ ২০ হাজার ৬৩২ কোটি রুপিতে।
রিপোর্ট প্রকাশের আগে আদানি গ্রুপের তালিকাভুক্ত ১০টি কোম্পানির মোট বাজার মূলধন ছিল ১৯ লাখ ১৯ হাজার ৮৮৮ কোটি রুপি।
অর্থাৎ, ২৪ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি শেয়ার বাজার বন্ধ হওয়ার সময় পর্যন্ত আদানি গ্রুপের ক্ষতির পরিমাণ ১১ লাখ ৯৯ হাজার ২৫৬ কোটি রুপি। খবর: টাইমস অব ইন্ডিয়া।
হিনডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার আগে ভারতের গুজরাট রাজ্যের ৬০ বছরের শিল্পপতি গৌতম আদানি ছিলেন পৃথিবীর দ্বিতীয় ধনকুবের। এক মাসের মধ্যে তিনি সেরা ধনকুবেরদের তালিকার ২৯তম স্থানে নেমে গিয়েছেন।
এদিকে, আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি এবার সেই হিন্ডেনবার্গের বিরুদ্ধে লড়াইকে আইনের আঙিনায় নিয়ে আসতে চলেছেন। সেজন্য বিশ্বের সবচেয়ে দামি আইনি পরামর্শদাতা সংস্থা নিউইয়র্কের ওয়াচটেল, লিপ্টন, রোজ়েন অ্যান্ড কাটজ়কে নিয়োগ করেছেন।
আরও পড়ুন: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িবহরে হামলা
উল্লেখ্য, মার্কিন শর্ট-সেলার হিনডেনবার্গ রিসার্চ গত ২৪ জানুয়ারি এক প্রতিবেদনে আদানিকে জালিয়াতির জন্য অভিযুক্ত করে। এরপর থেকে আদানির শেয়ার দরে ধস নামে।
একাত্তর/জো
