চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি থেকে কাজ করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবার সামনেই মৃত্যু হয়েছে ছেলের। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই বাবা।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত কৃষক শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী কাগমারী গ্রামের জাহির উদ্দিনের ছেলে আলিম উদ্দিন (২৪) ও আহত জাহির উদ্দিন (৫৮)।
জাহির উদ্দিন জানান, শুক্রবার বিকালে তিনি ও তার ছেলে মাঠে ধানের জমিতে কাজ শেষ করে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মুসলিমপুর চার রাস্তার মোড়ে পৌঁছালে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তার ছেলে আলিম উদ্দিন নিহত হয়।
আরও পড়ুন: রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় ট্রাকচালকের মৃত্যু
তিনি আরও জানান, এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি এবং ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।
একাত্তর/এসজে
