রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে আনতে বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে। হাতিরঝিল থেকে হেলিকপ্টারে করে পানি নিয়ে ঘটনাস্থলে পানি দেয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট।
ফায়ার সার্ভিসের যোগ দিয়েছেন বিজিবি এবং সেনা, বিমান ও নৌ বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল-সংলগ্ন পুকুর থেকেও পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলের কাছাকাছি হওয়ায় এ জায়গার পানির উৎস ব্যবহার করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ফজলুল হক হল ছাড়াও সরকারি কর্মচারী হাসপাতালের লাইন থেকেই পানি নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। আরো অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। এদিকে আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন।
আইএসপিআর জানিয়েছে, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। এছাড়া আগুন নিয়ন্ত্রনে যোগ দিয়েছেন বিজিবির কর্মীরাও।
একাত্তর/এসজে
