২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট পদে লড়তে নির্বাচনী কাগজপত্র জমা দিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তার প্রচারণার কোষাধ্যক্ষ জন ই সালিভান বুধবার ফাইলিংয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
৬৯ বছর বয়সী রবার্ট কেনেডি জুনিয়র সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা।
কেনেডি একজন স্পষ্টভাষী ভ্যাকসিনবিরোধী প্রচারক। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব শেয়ার করার অভিযোগে ইনস্টাগ্রাম ২০২১ সালে তার অ্যাকাউন্ট সরিয়ে দেয়।
প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেননি।
তিনি এপ্রিলের শুরুতে তার প্রচারাভিযান শুরু করবেন বলে আশা করা হচ্ছিলো। তবে সহযোগীরা বলছেন, তার শিডিউলে পরিবর্তন এসেছে।
সিবিএস নিউজ জানিয়েছে, গ্রীষ্মের শুরুতে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
গত মাসে আরেক ডেমোক্র্যাট মারিয়েন উইলিয়ামসন প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেন।
রিপাবলিকান পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প প্রথম তার প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তার সাথে জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালিসহ অন্যরা যোগ দিয়েছেন।
মার্চ মাসে কেনেডি টুইটারে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট পদে লড়াইয়ের কথা বিবেচনা করছেন।
সেসময় তিনি বলেছিলেন, ‘আমি যদি নির্বাচনে অংশ নেই, আমার সর্বোচ্চ অগ্রাধিকার হবে রাষ্ট্র এবং কর্পোরেট শক্তির মধ্যে দুর্নীতিগ্রস্ত মৈত্রীর অবসান ঘটানো যা আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে, মধ্যবিত্তকে ছিন্নভিন্ন করেছে, আমাদের ল্যান্ডস্কেপ এবং জলকে দূষিত করেছে, আমাদের শিশুদের বিষাক্ত করেছে এবং আমাদের মূল্যবোধ এবং স্বাধীনতা ডাকাতি করেছে’।
আরও পড়ুন: লেবানন থেকে ছোঁড়া রকেট প্রতিহতের দাবি ইসরাইলের
একটি পরিবেশগত আইন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হিসাবে, কেনেডি নিউইয়র্কের হাডসন নদী পরিষ্কারসহ পরিষ্কার জল নিয়ে প্রচারণার জন্য প্রশংসিত হয়েছেন।
তবে তার ভ্যাকসিন বিরোধী দৃষ্টিভঙ্গি কয়েক বছর আগে থেকে চলে আসছে এবং তার নিজের পরিবারসহ অনেকেই এর সমালোচনা করেছেন। ২০২১ সালে তার বোন কেরি কেনেডি তাকে এই বিষয়ে ‘খুব বিপজ্জনক’ বলে অভিহিত করেন।
একাত্তর/এসজে
