রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। তবে ইউক্রেনকে কেন্দ্র করে এই যুদ্ধে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে বিজয়ী হবে রাশিয়া।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদী জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মস্কোর রেড স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন। খবর রয়টার্সের।
পুতিন বলেন, আজকে বিশ্ব সভ্যতা আবার চূড়ান্ত একটি টার্নিং পয়েন্টের মুখে রয়েছে। আমাদের দেশের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে।
এসময় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থিদের রক্ষা এবং পশ্চিমাদের উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে রাশিয়ার স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: যৌন হয়রানির মামলায় দোষি সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প
পশ্চিমা এলিট গোষ্ঠীর সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, এই গোষ্ঠী রাশিয়া ভীতি এবং আগ্রাসী জাতীয়তাবাদের বীজ বপন করছে।
এর আগে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে মিসাইল ও ড্রোন হামলা জোরদার করে মস্কো। সোমবার প্রথম প্রহরে কিয়েভের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায় মিসাইল হামলায় পুড়ে গেছে একটি খাদ্যগুদাম।
একাত্তর/আরবিএস
