অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বিয়ের অতিথিদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছে এবং কমপক্ষে ২৫ জন হাসপাতালে রয়েছে।
রোববার রাতে একটি ওয়াইনারিতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালিতে ওয়াইন কাউন্টি ড্রাইভে বাসটি উল্টে যায়।
পুলিশ বলছে, তারা দুর্ঘটনার আশেপাশের পরিস্থিতি খতিয়ে দেখছে। ৫৮ বছর বয়সী বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান বলেছেন, অতিথিরা ‘সম্ভবত তাদের থাকার জায়গায় যাওয়ার জন্য’ সিঙ্গলটনের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ মহাসড়ক থেকে একটি গোলচত্বরে বাঁক নেয়ার সময় বাসটি উল্টে যায়।
চ্যাপম্যান বলেন, ২৫ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর তাদের মধ্যে দুজনকে দুর্ঘটনাস্থল থেকে এয়ারলিফট করা হয়।
বাসটি এখনো রাস্তায় কাত হয়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, লোকেরা নীচে আটকা পড়ে থাকতে পারে এবং বাসটি উঠানোর জন্য ‘এক পর্যায়ে’ একটি ক্রেন ঘটনাস্থলে আনা হবে।
এ দুর্ঘটনায় বাসের চালককে অভিযুক্ত করার জন্য পুলিশের কাছে ‘পর্যাপ্ত তথ্য’ রয়েছে বলে জানানো হয়েছে। তাকে হাসপাতালে পাঠিয়ে সামান্য আঘাতের জন্য চিকিত্সা দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অলবানিজ বলেছেন, ‘এরকম একটি সুন্দর জায়গায় একটি আনন্দের দিন এত ভয়ানক প্রাণহানির মধ্য দিয়ে শেষ হওয়া নিষ্ঠুর, দুঃখজনক এবং অন্যায়’।
ক্যানবেরায় একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানুষ অতিথিদের সুরক্ষিত রাখতে বিয়ের জন্য বাস ভাড়া করে এবং এটি এই ট্র্যাজেডিটির অকল্পনীয় প্রকৃতিকে আরও বাড়িয়ে তুলেছে।
হান্টার ভ্যালি আঙ্গুরক্ষেত এবং স্থানীয় বুশল্যান্ডের জন্য পরিচিত, যা এটিকে ওয়াইন পর্যটকদের বেড়ানোর জন্য একটি জনপ্রিয় স্থান করে তুলেছে।
পুলিশ বলেছে, তারা দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সনাক্ত করতে এবং তাদের আত্মীয়দের সাথে যোগাযোগ করার জন্য কাজ করছে।
একাত্তর/এসজে
