সিরাজগঞ্জে মাকে মারধর করায় ক্ষুব্ধ হয়ে বাবাকে ছুরিকাঘাত করেছেন এক ছেলে। দুইদিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।
জানা গেছে, নিহত তোফাজ্জল হোসেন মণ্ডল (৫২) তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামের বাসিন্দা।
এর আগে, শুক্রবার রাত ১০টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই রাতে তোফাজ্জল হোসেন মণ্ডলের সাথে তার প্রথম স্ত্রী রেজেদা খাতুনের সাংসারিক বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। এক পর্যায়ে তোফাজ্জল রেজেদা খাতুনকে মারধর শুরু করেন।
এসময় তোফাজ্জলের প্রথম পক্ষের মেজ ছেলে মো. বাবু মণ্ডল ঘর থেকে ধারালো ছুরি নিয়ে এসে বাবার পেটে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন: হাতিয়ায় দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, জানাতে পেয়েছি ছুরিকাঘাতে আহত তোফাজ্জল হোসেন মণ্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে এখনও এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
একাত্তর/এসজে
