রাজধানীর কলাবাগানে ফাঁকা রাস্তায় ব্যাটারি চালিত ভ্যান দ্রুত যাওয়া সময় চাকার নিচে বিড়াল পড়ায় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে, ভ্যানে থাকা এক কাঁচামাল ব্যবসায়ী আব্দুল আজিজ (৩৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ব্যবসায়ী সাইফুল (৩০) ও ভ্যান চালক আলম।
শনিবার (৩ জুলাই), দিবাগত রাতে কলাবাগান থানার কাঁঠাল বাগানের ঢাল এলাকায় ঘটনাটি ঘটে।
ভ্যান চালক আলম জানিয়েছেন, তিনি শ্যামবাজারের দুই কাঁচামাল ব্যবসায়ীকে নিয়ে কাওরানবাজার যাচ্ছিলেন কাঁচামাল ক্রয়ের জন্য। যাওয়ার পথে কাঁঠাল বাগানের ঢাল পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তায় দ্রুতগামী ভ্যানটির সামনে দিয়ে একটি বিড়াল দৌড়ে যাওয়া সময় চাকার নিচে পড়ে। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তখন ভ্যানে বসে থাকা দু'জনই ছিটকে পড়ে যান।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু
ঘটনার পর তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় আব্দুল আজিজকে রাত পৌনে একটায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। চালক সামান্য আহত হয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আব্দুল খান। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। সামান্য আহত চালক কে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
একাত্তর/এসজে
