সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য ফাঁকা রাখা ময়মনসিংহ-৪ আসনে প্রার্থী দিয়েছে দলটি।
ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আবু মুসা সরকারকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
জাপার যুগ্মদপ্তর সম্পাদক মাহমুদ আলম বুধবার রাতে একাত্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশ করে দলটি। ওই সময় ময়মনসিংহ-৪ আসনটি ফাঁকা রাখা হয়।
জাপার যুগ্মদপ্তর সম্পাদক মাহমুদ আলম একাত্তরকে বলেন, চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে ম্যাডামের (রওশন) জন্য রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। কেউ তার মনোনয়ন নিতে আসেননি। বুধবার যেহেতু মনোনয়ন জমা দেওয়ার শেষদিন তাই যেন আসন খালি না থাকে সেই জন্য ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আবু মুসা সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। ম্যাডাম মনোনয়ন নিলে ওনাকে প্রত্যাহার করতে বলা হবে।
গত সোমবার জাতীয় পার্টি তিনশ আসনের মধ্যে ২৮৭টিতে প্রার্থী ঘোষণা করে। ফাঁকা রাখা আসনের একটি ছিলো ময়মনসিংহ-৪, যেটি থেকে গত তিনটি জাতীয় নির্বাচনে ভোট করে আসছেন রওশন এরশাদ।
জাতীয় পার্টির কর্তৃত্ব নিয়ে চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক জি এম কাদেরের মধ্যে দ্বন্দ্বের মধ্যে এই মনোনয়নে রওশন অনুসারীরা বলতে গেলে সবাই বাদ পড়ে গেছেন।
রওশন ও তার অনুসারীদের অনেকেই দলের মনোনয়ন ফরমও তোলেননি। তবু রওশনের ‘সম্মানে’ তার ময়মনসিংহ-৪ আসনটি ফাঁকা রাখার কথা জানিয়েছিলেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
দুই দিন পরেই রওশনের সম্মানের সেই আসন দিয়ে দেওয়া হলো মুসা সরকারকে।
