ইয়েমেনের ওপর হামলা চালানোর জন্য সৌদি আরব যদি মার্কিন যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়, তাহলে ইয়েমেন পাল্টা প্রতিশোধ হিসেবে রিয়াদে হামলা চালাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হুতি আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি।
ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে রোববার তিনি এসব কথা বলেন। খবর পার্সটুডে ও আল মনিটরের।
আলী আল-হুথি বলেন, আমরা সৌদি আরবকে এই বার্তা দিচ্ছি যে, যদি তারা মার্কিন যুদ্ধবিমানকে ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় তাহলে ইয়েমেন পাল্টা প্রতিশোধ হিসেবে রিয়াদে হামলা চালাবে।
ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সরকার নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে উল্লেখ করে তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের পক্ষ হয়ে হুতিরা যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরাইলের সঙ্গে লড়াই করবে।

হুতিদের কাছে এমন অস্ত্র আছে যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম বলেও সতর্ক করেন এ নেতা।
এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে।
এ গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলের জাহাজে হামলা চালাচ্ছে। এই ঘটনায় ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হুতি সমর্থিত সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে।
গেলো ছয় মাসে ইসরাইল ও তার মিত্রদেশগুলোর শতাধিক জাহাজ ও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতিরা। পাশাপাশি ইসরাইলের একটি সমুদ্রবন্দরের কার্যক্রম প্রায় বন্ধ করে দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।
অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ভিডিও বার্তার প্রতিটি শব্দ রাজবধূ কেটের লেখা