ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোট উৎসব চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রথম দফায় শতাধিক আসনে ভোটগ্রহণের পর দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ৮৮টি আসনে। এরপর ৭ মে তৃতীয় দফায় ভারতজুড়ে ১১টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
চতুর্থ পর্বে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৯৬ আসনে ভোটগ্রহণ চলছে।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা আসন-সহ দেশটির মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোট হচ্ছে দেশটির ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের ২৫টি এবং তেলঙ্গানার ১৭টি আসনের সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার।

এছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মিরের শ্রীনগর আসনেও ভোট হচ্ছে।
দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, এই ধপে ১৭ কোটি ৭০ লাখের বেশি ভোটার তাদের ভোট দিবেন। ১৯ লাখের বেশি পোলিং অফিসার দেশটির বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় এক লাখ ৯৬ হাজার ভোট কেন্দ্রে পরিচালনা করছেন।
লোকসভা নির্বাচনের এই পর্বে এক হাজার ৭১৭ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং (বহরমপুর), এসপির অখিলেশ যাদব (কনৌজ), কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং টিএমসির মহুয়া মৈত্র (কৃষ্ণনগর)।
কেন্দ্রীয় মন্ত্রী ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা (খুন্তি), তৃণমূলের শত্রুঘ্ন সিনহা (আসানসোল), কংগ্রেসের ওয়াই এস. শর্মিলা (কাদাপা) এবং বিজেপির মাধবী লাথা (হায়দরাবাদ) মাঠে থাকা অন্যান্য প্রধান প্রার্থী।
ভারতের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (আইএমডি) সাম্প্রতিক পূর্বাভাসে বলেছে যে নির্বাচনের জন্য নির্বাচনী এলাকাগুলো স্বাভাবিক থেকে স্বাভাবিক তাপমাত্রার নিচে অনুভব করতে পারে এবং ভোটের দিন এই অঞ্চলে কোনও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে না।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ভোট হচ্ছে এমন অনেক জায়গাতেই ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪° ফারেনহাইট) বা তার বেশি তাপমাত্রা লক্ষ্য করা গেছে।
এ অবস্থায় ভারতের নির্বাচন কমিশন সতর্কতা অবলম্বনের অংশ হিসেবে সব ভোটকেন্দ্রে ভোটার এবং কর্মীদের জন্য পানি এবং পাখার ব্যবস্থা করেছে।

চতুর্থ পর্ব শেষ হওয়ার সাথে সাথে, ২৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৩৭৯টি আসনের জন্য ভোটগ্রহণ সম্পূর্ণ হবে।
মোট সাত দফায় লোকসভার নির্বাচন হচ্ছে। প্রথম চার দফার ভোটের পর বাকি থাকবে আরও তিন দফা।
পরের ধাপগুলো হল যথাক্রমে পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৬ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। সেদিনই জানা যাবে দিল্লির মসনদে যাচ্ছে কোন দল।
ভারতে তৃতীয় দফার ভোট গ্রহণ
ভারতের নির্বাচন সম্পর্কে যা জানা দরকার