দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য দেশের সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও পলিটেকনিক প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার রাতে এই ঘোষণা আসার পর থেকেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর হল ছাড়তে শুরু করেছেন। বুধবার সকাল থেকে এই সংখ্যা বাড়তে থাকে।

এদিকে প্রশাসনের নির্দেশনার পর বুধবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকারের সিদ্ধান্তে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
বুধবার বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়ার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এমন আদেশের পর সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। তবে সকাল ১০টা পর্যন্ত সে সংখ্যা অনেকটাই কম ছিল।

এদিকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিজিবি, পুলিশসহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়েছে। ছাত্ররা ভোর রাতেই হল ত্যাগ করলেও নারী শিক্ষার্থীরা অভিভাবকদের ডেকে হল ত্যাগ করছেন। সবার মধ্যেই বিরাজ করছে অজানা আতঙ্ক।
সকাল থেকে হল ছাড়তে দেখা গেছে রংপুরে বেগম রোকয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

কয়েকজন শিক্ষার্থী বলেন, নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই আতঙ্ক নিয়েই বাড়ি ফিরছেন তারা। তবে আন্দোলনে থাকা মূলসারি কর্মীরা মেসে, আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে, মঙ্গলবার রাত থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে।
শিক্ষার্থীরা জানান,কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া না হলেও বুধবার রাত তিনটার পর থেকে হল ছাড়তে দেখা গেছে। সকাল হতেই এই সংখ্যা বেড়ে গেছে কয়েকগুণ। মঙ্গলবারের সংঘর্ষে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ আলী নিহতের খবর ছড়িয়ে পড়তেই হল ছাড়তে থাকেন শিক্ষার্থীরা।
স্কুল-কলেজ বন্ধ, বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত