সিরাজগঞ্জে ১৩ পুলিশ হত্যায় আওয়ামী লীগ নেতাসহ আসামি ছয় হাজার

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৪:০৭ পিএম

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে হত্যাসহ ভাঙচুর, লুটপাট, আগুন দেওয়ার ঘটনার ২১ দিন পর মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে স্থানীয় চার আওয়ামী লীগ নেতাসহ ছয় হাজার জনকে।এ ঘটনায় ওই থানায় ক্ষতির পরিমাণ চার কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) রাতে এনায়েতপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক বাদি হয়ে মামলাটি করে। পরে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল সাংবাদিকদের এই তথ্য জানান।

পুলিশ সুপার জানান, মামলার আসামিরা হলেন- এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুঁইয়াসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয় হাজার জন। 

মামলায় যা বলা হলো

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা এক আসামিকে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু ছেড়ে দেওয়ার দাবি করেন। পুলিশ ওই দাবি মেনে নেয়নি। এ জন্য পুলিশের ওপর তার ক্ষোভ ছিল। ওই আসামিকে ছাড়াতে আহমদ মোস্তফা খানের নেতৃত্বে ৪৫০–৫০০ জন থানা ঘেরাও করেছিল। তখন ওসি আবদুর রাজ্জাককে অপসারণের দাবিও করেছিলেন তিনি।

চার আগস্ট দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এনায়েতপুর থানার সামনে সমবেত হয়। এ সময় ওসি আবদুর রাজ্জাক হ্যান্ড মাইক দিয়ে সমবেত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দেন এবং তারা চলে যান। পরে আসামি আহমদ মোস্তফা খানের নেতৃত্বে আসামিসহ পাঁচ থেকে ছয় হাজার দুষ্কৃতকারী দেশি অস্ত্র নিয়ে থানায় হামলা চালায়। তারা পুলিশের কোয়ার্টার ও ওসির বাসভবনে আগুন লাগিয়ে দেয়। আসামিরা থানা কম্পাউন্ডে উপপরিদর্শক (এসআই) তহছেনুজ্জামান, সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুর রহমান, কনস্টেবল আরিফুল আজম, রবিউল আলম শাহ, হাফিজুল ইসলাম, শাহিন, রিয়াজুল ইসলামকে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

থানার ওসি আবদুর রাজ্জাক, এসআই আনিছুর রহমান, এসআই রহিজ উদ্দিন খান, এসআই প্রনবেশ কুমার বিশ্বাস, কনস্টেবল আবদুস সালেক, কনস্টেবল হানিফ আলী পাশে বাবু মিয়ার বাড়িতে আশ্রয় নেন। আসামিরা সেখানে গিয়ে পিটিয়ে ও কুপিয়ে তাঁদের হত্যা করেন। এক নারী কনস্টেবলকেও শ্লীলতাহানি করা হয়।

পরে বিকেলে সেনাবাহিনীর একটি দল থানা এলাকায় পৌঁছে নিহত পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

লুট হওয়া অস্ত্রের তালিকা 

আসামিরা পাঁচটি পিস্তল ও আটটি ম্যাগজিন, একটি চায়না পিস্তল ও দুটি ম্যাগজিন, চারটি চায়না রাইফেল ও ৩৭টি চার্জার, দুটি চায়না রাইফেল টাইপ ও দুটি ম্যাগজিন, ছয়টি ১২ বোর শটগান, একটি ৩৮ মিমি গ্যাসগান লঞ্চার, ৭.৬২/৩৯ মিমি গুলি ১৬৮ রাউন্ড, ৭.৬২/২৫ মিমি গুলি ১৬ রাউন্ড, ৯/১৯ মিমি গুলি ৬০ রাউন্ড, ১২ রোব শটগান (রাবার কার্তুজ) ২২৭ রাউন্ড, ১২ রোব শটগান (লেটবল কার্তুজ) ৩৫৯ রাউন্ড, লং রেঞ্জ গ্যাস শেল ৩৮ রাউন্ড, শর্ট রেঞ্জ গ্যাস শেল ৩৬ রাউন্ড লুট করে নিয়ে গেছে বলে জানানো হয়েছে।

অস্ত্র ছাড়া অন্য মালামাল লুটের তালিকা 

এছাড়া আসামিরা একটি ডাবল কেবিন ও একটি সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান, পুলিশ সদস্যদের ১৫টি মোটরসাইকেল ও একটি ট্রাক, বিভিন্ন সময় আটক করা নতুন পুরাতন ১২টি মোটরসাইকেল ও থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, আসবাবপত্র, কম্পিউটার, ওয়াকিটকি পুড়িয়ে দেয়। 

মামলায় বিলম্ব কেন

পুলিশ সুপার আরিফুল রহমান সাংবাদিকদের বলেছেন, চার আগস্ট হামলায় এনায়েতপুর থানা পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। ছয় দিন বন্ধ থাকার পর ১০ আগস্ট থানায় আবারও কার্যক্রম শুরু হয়। তবে সেখানে কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে পড়েছিল। পরে থানার পাশেই একটি বাড়ি ভাড়া নিয়ে নতুন করে থানার কার্যক্রম শুরু হয়। এসব কারণে পুলিশ হত্যা মামলাটি করতে কয়েক দিন দেরি হয়েছে।

তিনি আরও জানান, মামলার কোনো আসামিকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তারা গা-ঢাকা দিয়েছেন। তাদের গ্রেপ্তার ও লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

চার আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে এনায়েতপুরে কলেজছাত্র শিহাব হোসেন (১৯) তাঁত শ্রমিক ইয়াহিয়া আলী (৩৫) ও মাদ্রাসাছাত্র সিয়াম হোসেন (২২) নিহত হন। এ ঘটনায় গত ২০ ও ২১ আগস্ট এনায়েতপুর থানায় আলাদা তিনটি মামলা করা হয়। তিনটি মামলায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মমিনসহ ২০৮ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আরও ৭০০ জন।

একাত্তর/এসি
কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিলের ঐতিহ্যবাহী দ্বিতল ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় শুরু হওয়া এই জামাতে নরসিংহপাড়া, শুকলাই ও শুকুলহাট গ্রামের প্রায়...
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ এখন আপন নীড়ে ফিরছেন। ঈদকে কেন্দ্র করে যমুনা সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের...
সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাত শতের কাছাকাছি গিয়ে ঠেকেছে। তবে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর