বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশা করি ড. ইউনূসের সরকার দায়িত্ব নিয়ে জঞ্জাল পরিষ্কার করে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন। তিনি কাজ শুরুও করেছেন। তবে ১৫ বছরের আবর্জনা তিন মাসে পরিষ্কার সম্ভব নয়। তাদের সময় দিতে হবে। কিন্তু বিএনপি এও বলেছে, নির্বাচন তাড়াতাড়ি হলে ভালো হয়।
বুধবার দুপুরে ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় ‘আমারা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, গণ্যমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি। আমরা বলেছি আওয়ামী রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে, আর কারা করবে না। আমরা সেখানে কিছু না। কিন্তু এই কথাটি সংবাদমাধ্যমে সঠিকভাবে আসেনি। একই সঙ্গে তিনি বলেন, যারা গণহত্যা করেছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
ফখরুল বলেন, যারা এতো দিন নির্যাতন করেছে, তারা আজ পলাতক। দেশের ওপর অত্যাচার নির্যাতন করার কারণে তাদের দেশের মানুষ তাড়িয়ে দিয়েছেন। এই এলাকায় অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, স্বৈরাচার এরশাদ যখন ক্ষমতা দখল করলো, তখন বেগম খালেদা জিয়া সারাদেশের মানুষকে নিয়ে ৯ বছর রাস্তায় থেকেছেন। তারপর সরকারে এসে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে কাজ করেছেন। দেশের জন্য কাজ করতে গিয়ে তিনি ফেনীতে আসতে পারেননি। তিনি মেয়েদের চাকরির সুযোগ করে দিয়েছেন।
তার অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় এসে মিথ্যা মামলা দিয়ে তাকে জলে পাঠিয়েছে। ছোট স্যাঁতস্যাঁতে ঘরে ইঁদুরের সঙ্গে থাকতে দিয়েছেন। যার কারণে তিনি অনেক অসুস্থ। এখানে সফরের কথা শুনে বেগম জিয়া ফেনীবাসীর জন্য ভালোবাসা পঠিয়েছেন। তিনি অনেক অসুস্থ, সবার কাছে দোয়া কামনা করছি।
বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ফারুক, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী-১ আসনের নির্বাচনী সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব মোহাম্মদ রবিন। এসময় কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মাঝে ঢেউটিন এবং ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
তারেক রহমানের জন্মদিন আজ