জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ ডিসেম্বর) আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ -এর আয়োজন করা হয়েছে। আয়োজিত কনসার্ট উপলক্ষে দুপুর ২টা থেকে টোল ছাড়াই এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। রাত ১১টা পর্যন্ত এই সুযোগ থাকবে।
তাছাড়া বিমানযাত্রীরা জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরে যেতে পারবেন। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স একই পথ ব্যবহারে প্রাধান্য পাবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ এবং স্কাইট্র্যাকার লিমিটেড কর্তৃক অনুষ্ঠাতব্য ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টে দেশের নামকরা ব্যান্ডশিল্পীসহ সঙ্গীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এলাকায় শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ ডিসেম্বর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে আর্মি স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে।
কনসার্ট থেকে আয়কৃত সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে।
এই কনসার্টের কারণে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজট লাঘবের উদ্দেশ্যে ধানমন্ডি ও ফার্মগেটের দিক থেকে আগত বিমানযাত্রী বহনকারী যানবাহনগুলো বিমানের টিকিট প্রদর্শন সাপেক্ষে জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে সিএমএইচ হয়ে জিয়া কলোনি দিয়ে বিমানবন্দরে গমন করতে পারবে।
এছাড়াও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে। বিশেষ সুবিধাটি আগামী ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকবে।
এ উদ্যোগ সফল করতে কনসার্ট উপলক্ষে আর্মি স্টেডিয়াম ব্যবহারের ক্ষেত্রে কোনো ভেন্যু চার্জ নেওয়া হবে না।
‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ শুল্ক-করমুক্ত
রাহাত ফাতেহ আলী খান ও তার দলের অংশগ্রহণে আয়োজিত ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ এর আয়ে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক (টিকিট ও ভেন্যু) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিক্রিত টিকিটের পুরো অর্থ জুলাই বিপ্লবে আহত ও নিহতের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে। সে কারণে এনবিআর থেকে ওই কর সুবিধা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত এক