ধর্ষণ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা টিআইবির

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:২২ পিএম

ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেই সঙ্গে গণমাধ্যমে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করতে ডিএমপি কমিশনারের বক্তব্যেরও সমালোচনা করেছে সংস্থাটি।

রোববার (১৬ মার্চ) সকালে ঢাকায় মানিক মিয়া এভিনিউয়ে এক মানববন্ধনে সারাদেশে নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে টিআইবি।

মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সারা দেশে ক্রমবর্ধমান ধর্ষণ এবং নারীদের অধিকার হরণের ঘটনায় আমরা অত্যন্ত সংক্ষুব্ধ। আছিয়ার মৃত্যু দিবস একটা জাতীয় কলঙ্কের দিবস। ধর্ষণ প্রতিরোধ দিবস হিসেবে আমাদের এই দিনটাকে সবসময় মনে রাখা উচিত। আমরা এই দিনটাকে ধর্ষণ প্রতিরোধ এবং নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করতে চাই।

চুয়ান্ন বছরেও বাংলাদেশের নারীরা স্বাধীনতা পায়নি উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা যদি থাকত তাহলে এইভাবে ধর্ষণ, নির্যাতন বা অধিকার হরণ হতো না। বৈষম্যবিরোধী আন্দোলনের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেখানে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, সেখানে পদে পদে নারীর প্রতি বৈষম্য কীভাবে সহ্য করা যায়?

নারী অধিকার কর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের আহ্বান জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাঁদের আচরণে, কথাবার্তায় ও চর্চায় আমরা নারীবান্ধব অবস্থা দেখতে পাই না। নারীদের সুরক্ষা দেওয়ার দায়িত্বে থাকা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন 'ধর্ষণ' শব্দটা গণমাধ্যমে ব্যবহার না করতে অনুরোধ করেন তখন আমাদের অবাক হতে হয়। তাঁদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে ডিএমপি কমিশনার ধর্ষকের পক্ষ নিয়েছেন। তাঁর এ বক্তব্য প্রত্যাহার করা উচিত।

ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যারা মনে করছেন বিজয়ী হবেন, নির্বাচিত হবেন, সরকার পরিচালনার দায়িত্ব নেবেন এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তাঁদের কাছে আমাদের আহ্বান, আপনারা অত্যন্ত জোরালোভাবে পরিষ্কারভাবে সমতা, নারী অধিকার ও ধর্ষণের বিরুদ্ধে পরিষ্কার ঘোষণা দেন।

ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন। এ ধরনের সংস্থাগুলো যে ধরনের প্রচারণা চালায় তাতে আসলে নারীর অধিকার হরণকে উস্কে দেওয়া হয়। আমরা সেই অবস্থানের পরিবর্তন চাই। এই দায়িত্বটা আপনাদেরকে নিজেদেরকে নিতে হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, ধর্ষণবিরোধী আন্দোলনে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার 'ধর্ষণ' শব্দটি ব্যবহার না করার জন্য গণমাধ্যমের প্রতি সুপারিশ পুলিশের অব্যাহত স্বৈরতান্ত্রিক চর্চার প্রতিফলন। ধর্ষণের সংবাদ কম করে প্রচারের পরামর্শ দিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী কার্যত ধর্ষকের সুরক্ষার পথ প্রশস্ত করতে চাইছেন।

তারা আরও বলেছে, দেশে নারী ও কন্যাশিশুর নির্যাতন ও ধর্ষণ নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এর মাত্রা উদ্বেগজনক হারে বেড়েছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই কন্যাশিশুসহ সব বয়সী নারী ভয়াবহ সহিংসতার শিকার হচ্ছেন। নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় নারীর প্রতি সহিংসতায় দেশবাসী আতঙ্কে আছে। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নারী-পুরুষের সমতার আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের ধারাবাহিক অবনতির কথা উল্লেখ করে বলা হয়, নারী ও শিশুর প্রতি সহিংসতার সাম্প্রতিক প্রবণতা ব্যাপক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মান্ধতা ও ধর্মীয় অপব্যাখ্যাকে পুঁজি করে নারী ও কন্যাশিশুর বহুমাত্রিক অধিকার হরণ।

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে সারা দেশে ৩৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ২১টি এবং সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৮ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) পরিচালিত 'নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪' অনুযায়ী, দেশের ৭০ শতাংশ নারী অন্তত একবার হলেও শারীরিক, যৌন, মানসিক ও অর্থনৈতিক সহিংসতার শিকার হয়েছেন। ২০২৪ সালে ৪৯ শতাংশ নারীর ওপর এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে।

একাত্তর/এসি
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল পেয়ে রাজধানীর মিরপুর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে শিশু বলাৎকার ও যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রাজধানীর হাতিরঝিল...
সরকারি নিয়ন্ত্রণের বাইরে একটি সম্পূর্ণ স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর