রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। এদিকে কার্যকর সংস্কারের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন।
রাষ্ট্র সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে ঐকমত্য কমিশন। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকার এলডি হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপির সাথে বৈঠক হয়েছে ঐক্যমত্য কমিশনের।
বিকাল তিনটায় সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ। পরে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐক্যমত্য কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ।
তিনি বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ১৬৬টি প্রশ্নমালার যে স্প্রেডশিট পাঠিয়েছে, তার মধ্যে এলডিপি ১২০টিতে একমত পোষণ করেছে। বাকি ৪২টিতে একমত নয়, ২টিতে আংশিকভাবে একমত এবং ২টি অস্পষ্ট বলে মনে করে এলডিপি।
অলি আহমদ বলেন, সবগুলো সুপারিশের মধ্যে নির্বাচন কমিশনের সুপারিশ ছিলো দুর্বল। তারা অতীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করেছিলো, তার কাগজ সংগ্রহ করা উচিত ছিল। তিনি বলেন, আপনি যত কিছুই করেন না কেন, নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না, যদি না দুইজন লোক কাজ করে; একজন ওসি, আরেকজন হলেন ইউএনও।
বিচার বিভাগ সংস্কার কমিশনের ২৩টি প্রস্তাবনার মধ্যে ২২টিতে একমত আর একটিতে আংশিকভাবে একমত। দুর্নীতি দমনের কমিশনের ২০টি প্রস্তাবনার মধ্যে সবগুলোতে একমত। জনপ্রশাসন সংস্কার কমিশনের ২৬টি প্রস্তাবনার মধ্যে ১১টিতে একমত, ১৫টিতে একমত নয়। নির্বাচন সংস্কারের ২৭ প্রস্তাবের মধ্যে ১৬টিতে একমত এবং ১১টিতে দলটি একমত নয় বলে কমিশনকে জানিয়েছেন এলডিপি।
এলডিপির মতামতের কাগজ কাউকে না দিতে প্রস্তাব করেন অলি আহমেদ। জবাবে আলী রীয়াজ বলে আমরা কাউকে দেব না।
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে বৈঠক নেতৃত্ব দিচ্ছেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফররাজ হোসেন, এমদাদুল হক, ড.ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আর, অলি আহমদের নেতৃত্বে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদসহ আট সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নেয়।
আন্দোলন সার্থকতা পাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণায়: জয়নুল আবদিন
এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া