ইরানের তিন পরমাণু স্থাপনাকে কেনো লক্ষ্যবস্তু করা হলো?

আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। এগুলো হলো -ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে হামলার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, তিন পরমাণু স্থাপনাগুলোয় যুক্তরাষ্ট্রের বিমান হামলার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। শনিবার স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এই তিনটি পরমাণু স্থাপনা লক্ষ্যবস্তু ছিলো বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই তিন স্থাপনাই ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু, যেগুলোর ওপর আগেও ইসরাইল হামলা চালিয়েছিলো।

ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র ফোর্দো। দেশটির পবিত্র কোম শহরের কাছে নির্মিত এই স্থাপনাটি পাহাড়ের নিচে অনেক গোপনে ও সুরক্ষিত উপায়ে তৈরি হয়েছে, যা ২০০৯ সালে বিশ্বের নজরে আসে। তারপর থেকে এই প্লান্টটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দেয়। এই কেন্দ্রেও ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়।

এর প্রধান হলগুলি আনুমানিক ৮০ থেকে ৯০ মিটার মাটির নীচে অবস্থিত । ধারণা করা হয় যেকোনো বিমান হামলা থেকে এটি নিরাপদ এবং ফলে আকাশ থেকে এই স্থাপনাটি ধ্বংস করা প্রায় অসম্ভব কাজ।

নাতাঞ্জ নিউক্লিয়ার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে একটি। এই কেন্দ্রের ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ সুবিধাটি ২৫ ফুট পুরুত্বের একটি কংক্রিট ঢাল দ্বারা সুরক্ষিত।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ এনটিআইয়ের তথ্য অনুযায়ী, নাতাঞ্জে ছয়টি ভূ–উপরিস্থ ভবন ও তিনটি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে। এর মধ্যে দুইটি স্থাপনায় ৫০ হাজার সেন্ট্রিফিউজ রাখার ক্ষমতা রয়েছে।

এই পারমাণবিক কেন্দ্রের অস্তিত্ব প্রথম ২০০২ সালে ইরানের পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন কর্তৃক উন্মোচিত হয়। এই কেন্দ্র ২০০৩ সাল থেকে চালু রয়েছে। ইরান এখানে ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল বলে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে। উল্লেখ্য, অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামকে ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয়।

২০২৫ সালের জুন মাসে, ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলার সময় আইডিএফ ব্যাপকভাবে এখানে হামলা চালায়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার জানিয়েছিল , হামলার সময় উপরের স্থল স্থাপনাটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।

ইস্পাহান ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত। দেশটির সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কমপ্লেক্স। এনটিআইয়ের তথ্য অনুযায়ী, এই স্থাপনা চীনের সহায়তায় নির্মাণ করা হয়। আর এটি চালু হয় ১৯৮৪ সালে।

এনটিআই জানায়, ইস্পাহানে প্রায় তিন হাজার বিজ্ঞানী কাজ করেন। একে ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্রস্থল’ বলে ধারণা করা হয়। এই কেন্দ্রে চীনের সরবরাহ করা তিনটি ছোট গবেষণা চুল্লি চালু রয়েছে।

সেই সঙ্গে এখানে একটি কনভার্সন ফ্যাসিলিটি অর্থাৎ পরিবর্তন কেন্দ্র, একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র, একটি জিরকোনিয়াম ক্ল্যাডিং কারখানা ও আরও কিছু প্রযুক্তি স্থাপনা ও গবেষণাগার রয়েছে বলে জানিয়েছে এনটিআই।

ইরানের এই তিন গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাতেই ইসরাইলি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমানগুলো দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে। টানা প্রায় ৩৭ ঘণ্টা উড়ে গিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর