নির্বাচন কমিশনের চিঠির জবাবে যা বলছে এনসিপি

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিধি-বহির্ভূত আচরণের অভিযোগ এনেছে। সম্প্রতি ইসি সচিবালয় থেকে পাঠানো চিঠির কঠোর ভাষায় জবাব দিয়েছে দলটি।

এনসিপি জানিয়েছে, গণমানুষের সঙ্গে তাদের ‘শাপলা’ প্রতীক কেন্দ্রিক যে গভীর আত্মিক সম্পর্ক স্থাপিত হয়েছে, তা উপেক্ষা করে কমিশনের স্বেচ্ছাচারী তালিকা থেকে অন্য কোনো প্রতীক গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয়।

গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির পক্ষ থেকে বলা হয়, আলোচনার অগ্রগতির ধারাবাহিকতায় এনসিপি গত ৩ আগস্ট, ২৪ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর নির্বাচন কমিশন বরাবর আলাদা আলাদা দরখাস্ত দাখিল করে এবং পার্টির অনুকূলে প্রতীক ১) শাপলা ২) সাদা শাপলা এবং ৩) লাল শাপলা বরাদ্দ দিতে অনুরোধ জানায়। এছাড়াও শাপলাকে প্রতীক হিসেবে দৃশ্যমান করার ক্ষেত্রে শাপলার ভিন্ন ভিন্ন ভার্সন বা আংশিক ডিসটর্টেট ভার্সন গ্রহণ করা এমনকি ভিন্ন ভিন্ন কয়েকটি ভার্সনে আঁকা শাপলার নমুনা ছবি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করেছে। কিন্তু এনসিপি প্রেরিত দরখাস্তগুলো অনিষ্পন্ন অবস্থায় রেখে নির্বাচন কমিশন বিধি-বহির্ভূতভাবে সূত্রোক্ত চিঠি পাঠিয়ে এনসিপিকে স্বেচ্ছাচারীভাবে প্রার্থিত প্রতীকের বাইরে গিয়ে নিজেদের ইচ্ছেমতো প্রতীক বরাদ্দ দিয়ে দিবে বলে হুমকি দিচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত, স্বেচ্ছাচারী ও বেআইনি।

এ অবস্থায় নির্বাচন কমিশনের আইনগত দায়িত্ব সম্পর্কে এনসিপির অবস্থান:

প্রতীক অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার মানদণ্ড প্রকাশের সাংবিধানিক বাধ্যবাধকতা:

এনসিপি লক্ষ্য করেছে যে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোন লিখিত নীতিমালা, নির্দেশিকা বা মানদণ্ড প্রকাশ করেনি, যার ভিত্তিতে প্রতীক তালিকায় কোন প্রতীক অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়া হয়।

সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদ অনুসারে, সকল নাগরিক ও রাজনৈতিক দলের প্রতি সমতা এবং আইনের আশ্রয়ে ন্যায্য আচরণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে এই দায়িত্ব থেকে কমিশন অব্যাহতি পেতে পারে না।

অতএব, নির্বাচন কমিশন অনুগ্রহপূর্বক লিখিতভাবে জানাবে কোন নীতিমালা, নির্দেশিকা বা মানদণ্ডের ভিত্তিতে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা লাল শাপলা প্রতীকটি তালিকাভুক্ত প্রতীকের বাইরে রাখা হয়েছে। যদি এ বিষয়ে কোন নীতিমালা বিদ্যমান থাকে, তবে তা প্রকাশ করা ও সকল দলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য করা আবশ্যক।

‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮’-এর বিধি ৭(২) ও ফরম–২ অনুসরণের বাধ্যবাধকতা:

এনসিপি’র নিবন্ধন প্রক্রিয়ার পরবর্তী ধাপে যেতে হলে নির্বাচন কমিশনকে ‘রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮’ –এর বিধি ৭(২) এর বিধান অনুযায়ী দুইটি দৈনিক পত্রিকায় উক্ত বিধিমালার তফশিলে বিবৃত ফরম-২ বাধ্যতামূলকভাবে অনুসরণ করে বিজ্ঞপ্তি জারি করতে হবে। 
উল্লেখ্য, উক্ত বিধিমালার ফরম-২ এ রাজনৈতিক দলের তরফে প্রার্থিত প্রতীকের নাম উল্লেখ করেই বিজ্ঞপ্তি প্রকাশের আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং কমিশনের পক্ষে এর ব্যত্যয় করা বা নিজের ইচ্ছামত প্রতীককে রাজনৈতিক দলের প্রার্থিত প্রতীক হিসাবে চালিয়ে দেওয়ার কোন সুযোগ নাই।

অতএব, নির্বাচন কমিশন যদি ২০০৮ সালের বিধিমালার বিধান অনুযায়ী দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে অবশ্যই এনসিপি’র প্রার্থিত প্রতীক ১) শাপলা, ২) সাদা শাপলা এবং ৩) লাল শাপলা থেকে যে কোন একটি প্রতীকের নাম উল্লেখ করতে হবে।

এনসিপির দাবিসমূহ:

  • নির্বাচন কমিশন অবিলম্বে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করবে— প্রতীক অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের বিদ্যমান নীতিমালা বা মানদণ্ড কী এবং কোন আইনি ভিত্তিতে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’ প্রতীককে বর্তমান তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
  • যদি এমন কোন মানদণ্ড এখনো প্রণয়ন না করা হয়ে থাকে, তবে নির্বাচন কমিশনকে তা অবিলম্বে প্রণয়ন ও প্রকাশ করতে হবে এবং সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করতে হবে।
  • নির্বাচন কমিশন ২০০৮ সালের বিধিমালার ফরম–২ অনুসারে এনসিপির প্রার্থিত প্রতীকের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
  • কমিশন প্রতীক বরাদ্দের বিষয়ে যুক্তিসংগত, স্বচ্ছ ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তার সাংবিধানিক দায়বদ্ধতা প্রদর্শন করবে।

এনসিপি আবারো স্পষ্ট করছে যে, গণমানুষের সাথে শাপলা প্রতীক কেন্দ্রিক এনসিপি’র যে গভীর আত্মিক সম্পর্ক স্থাপিত হয়েছে, দেশের মানুষের সেই ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি তার নাই। ফলশ্রুতিতে শাপলা ব্যতীত নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে প্রেরিত ১৩ অক্টোবর হুমকিমূলক চিঠির প্রেক্ষিতে বেধে দেওয়া তালিকা থেকে অন্য কোন প্রতীক পছন্দ করা এনসিপির জন্য সম্ভবপর নয়।

এনসিপি মনে করে প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশন এনসিপি’র সঙ্গে অন্যায্য আচরণ করছে যার ফলশ্রুতিতে নির্বাচন কমিশন জনগণের সঙ্গে তার স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতার সম্পর্ককে এড়িয়ে গিয়ে নিজের খেয়াল-খুশি মতো এলোমেলোভাবে পরিচালিত হচ্ছে বলে প্রতীয়মান হয়।

বর্তমান নির্বাচন কমিশন ফ্যাসিবাদী আমলের পাতানো নির্বাচন আয়োজনকারী কমিশনের থেকে নিজের কার্যক্রমকে আলাদা করতে পারছে না এবং দেশবাসীকে আবারো একটি সংকটের দিকে ঠেলে দিচ্ছে কি না সে বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এনসিপি’র প্রতি নির্বাচন কমিশনের বৈরী আচরণ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের সদিচ্ছা, সক্ষমতা ও আন্তরিকতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

নির্বাচন কমিশন বরাবরে এনসিপি কর্তৃক দাখিলকৃত বিগত ৩ আগস্ট, ২৪ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর তারিখের আলাদা আলাদা দরখাস্ত নিষ্পত্তি করে অবশ্যই নির্বাচন কমিশনকে তার কার্যক্রমের আইনানুগ ভিত্তি ও স্বচ্ছতা প্রমাণ করতে হবে এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

সার্বিক বিবেচনায় এনসিপি আশা করে, নির্বাচন কমিশন ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি ৯(১) সংশোধনক্রমে জাতীয় নাগরিক পার্টি’র অনুকূলে ১) শাপলা, ২) সাদা শাপলা ও ৩) লাল শাপলা থেকে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করবে।

একাত্তর/আরএ
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর