দীর্ঘ বিশ বছরের যুদ্ধের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে বিদায় নিলো মার্কিন সেনাবাহিনী। আর এই দিনটিকে ঐতিহাসিক বিজয়ের মুহূর্ত হিসেবে আখ্যা দিয়ে আনন্দের সাথে উদযাপন করছে তালেবান সদস্যরা।
সোমবার (৩০ আগস্ট) রাত ১২টা বাজার কয়েক মিনিট আগে কঠোর নিরাপত্তার মধ্যে কাবুল থেকে মার্কিন সৈন্যদের সর্বশেষ ফ্লাইটটি উড্ডয়ন করে। এরপর ম্যারিন জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেনজি পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে আফগান অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। আর এর পরপরই কাবুলের আকাশে ফাঁকা গুলি ছুঁড়ে ও আতশবাজি ফুটিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করে তালেবান সদস্যরা।

সংবাদ সম্মেলনে জেনারেল ম্যাকেনজি বলেন, "আমরা যাদেরকে আফগানিস্তান থেকে সরাতে চেয়েছিলাম তাদের সবাইকে সরাতে পারিনি। তবে আমার মনে হয়, যদি আমরা আরও ১০ দিন সেখানে থাকতাম তাহলেও সবাইকে বের করতে পারতাম না।"
আরও পড়ুন: আফগান টিভি সঞ্চালককে ঘিরে সশস্ত্র তালেবান!
আফগানিস্তান এখন 'সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র' এমন ঘোষণা দিয়ে তালেবান সদস্যরা আমেরিকান সৈন্যদের প্রস্থানকে 'ঐতিহাসিক মুহূর্ত' আখ্যা হিসেবে আখ্যা দেয়।
এদিকে, মঙ্গলবার (৩১ আগস্ট) কাবুল বিমানবন্দরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্টে দেখা গেছে, মুজাহিদ আরও কিছু তালেবান সদস্যদের নিয়ে বিমানবন্দরে প্রবেশ করছেন। সেখানে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে বিমান হামলার পর আফগানিস্তানে সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। বিশ বছর পর তালেবানের কাছে ক্ষমতা দিয়ে একরকম বিতাড়িত হওয়াকে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর জন্য লজ্জাজনক হিসেবেই দেখছেন বেশিরভাগ মানুষ।
একাত্তর/এসজে
