জাপানজুড়ে চলা তাপদাহ ও তীব্র গরমের কারণে টোকিওর একটি চিড়িয়াখানায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৩টি সিংহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হিটস্ট্রোক ও অতিরিক্ত গরমে সৃষ্ট অসুস্থতাই তাদের মৃত্যুর কারণ বলে ধারণা করছে পশ্চিম টোকিওর ‘তামা জ্যুওলজিক্যাল পার্ক’ কর্তৃপক্ষ।
ময়নাতদন্ত বলছে, ৩ থেকে ১৫ বছর বয়সী এই সিংহীগুলোর শরীর মারাত্মকভাবে পানিশূন্য হয়ে পড়েছিল এবং তারা ‘মাল্টিপল অর্গান ফেইলিয়র’ বা একাধিক অঙ্গ বিকল হওয়ার শিকার হয়েছিল। চিড়িয়াখানার প্রতিনিধি মিওয়া কোসাকা বিবিসিকে বলেন, আমরা অতীতে কখনোই এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। গত বছরও অনেক গরম ছিল, কিন্তু আমাদের কোনো সিংহ এভাবে অসুস্থ হয়ে পড়েনি।
জাপানে সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালীন তাপমাত্রা অতীতের সব রেকর্ড ভাঙছে। দেশটির বেশ কিছু শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে, যাকে স্থানীয় ভাষায় ভয়াবহ গরমের দিন বলে অভিহিত করা হচ্ছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই ‘মুগি’ নামের ৩ বছর বয়সী একটি সিংহীর খাবারে অরুচি দেখা দেয় এবং পরদিনই সে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে। চিড়িয়াখানার কর্মীরা তাকে ফ্যান ও পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করেন এবং তরল খাবার, ভিটামিন ও লিভার টনিক ইনজেকশন দেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ২৮ জুলাই মারা যায় মুগি।
এর মাত্র তিন দিন পর, ৩১ জুলাই মারা যায় ১১ বছর বয়সী সিংহী ‘ইচিগো’। আর গত রবিবার না ফেরার দেশে চলে যায় ১৫ বছর বয়সী সিংহী ‘লুয়েনা’।
বর্তমান আরও ৩টি সিংহ (দুটি পুরুষ ও একটি নারী) অসুস্থ হয়ে পড়েছে এবং তারা দাঁড়াতে পারছে না। তাদের নিয়মিত স্যালাইন, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে স্বস্তির খবর হলো, আক্রান্তদের মধ্যে ৪টি সিংহ সুস্থতার লক্ষণ দেখাচ্ছে এবং ৬টি সিংহ শুরু থেকেই সুস্থ রয়েছে। অসুস্থ ও সুস্থ সব সিংহকে বর্তমানে এয়ারকন্ডিশনার ও পাওয়ারফুল ফ্যান সমৃদ্ধ বিশেষ কক্ষে স্থানান্তর করা হয়েছে।
টোকিও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিনের অধ্যাপক হিদেয়াকি কারাকি জানান, অত্যন্ত বেশি আর্দ্রতা এবং হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়াই সিংহগুলোর জন্য মারাত্মক হয়ে দাঁড়িয়েছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, মানুষের মতো সিংহ ঘামাতে পারে না। শরীর ঠান্ডা করার জন্য তারা গভীরভাবে শ্বাস ছাড়ে এবং শ্বাসনালী থেকে আর্দ্রতা বের করে দেয়। বাতাস যখন সেই আর্দ্রতা বাষ্পীভূত করে, তখন তাদের শরীরের তাপমাত্রা কমে। কিন্তু বাতাসে চরম আর্দ্রতা থাকলে তাদের শারীরিক তাপমাত্রা স্বাভাবিক স্তরে নামতে পারে না। জুলাইয়ের মাঝামাঝি সময়ে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় সিংহগুলো আবহাওয়া পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার সুযোগও পায়নি।
১৯৬৪ সাল থেকে তামা চিড়িয়াখানায় আফ্রিকান সিংহ প্রদর্শন ও বংশবৃদ্ধি করা হচ্ছে, যা দর্শকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও তাপদাহের কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের জনপ্রিয় ‘লায়ন সাফারি বাস’ সার্ভিস এবং সিংহ প্রদর্শন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
উল্লেখ্য, চরম তাপদাহের কারণে এ বছর জাপানজুড়ে প্রায় ৪৩,০০০ মানুষকে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার দেশের নাগরিকদের ঠান্ডা ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, এমনকি চাকুরিজীবীদের স্বস্তিদায়ক পোশাক পরার আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র: বিবিসি
সীমান্ত সুরক্ষায় জোরলো পদক্ষেপের ডাক দিলো ইইউ
জনবহুল রুশ সৈকতে ড্রোন হামলায় তিন শিশুসহ নিহত ৭
ইরান কি ট্রাম্পের হরমুজ প্রণালী শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছে?