প্রায় আট বছরের দীর্ঘ মহাকাশ যাত্রা শেষে আজ শনিবার (২১ নভেম্বর) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করছে ‘বেপিকলম্বো’। ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) ও জাপানের মহাকাশ সংস্থার (জাক্সা) যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ইতিহাসে প্রথমবারের মতো দুটি মহাকাশযান একসঙ্গে বুধকে প্রদক্ষিণ করবে।
মহাকাশবিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, কক্ষপথে স্থির হতে আজ মহাকাশযানটিকে ৩৭ মিনিটের একটি জটিল ইঞ্জিন ফায়ারিং বা গতি নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। ২০১৮ সালের ২০ অক্টোবর ফ্রেঞ্চ গায়ানার কুরু মহাকাশকেন্দ্র থেকে অ্যারিয়ান ৫ রকেটে করে ‘বেপিকলম্বো’ উৎক্ষেপণ করা হয়েছিল।
ইএসএ জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর মহাকাশযানটির প্রপালশন মডিউল (এমটিএম) মূল অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার মধ্য দিয়ে বুধে পৌঁছানোর চূড়ান্ত ধাপ শুরু হয়। আজ দুটি অরবিটার যুক্ত অবস্থায় বুধের কক্ষপথে প্রবেশ করলেও আগামী ৯ ও ১০ ডিসেম্বর সেগুলো আলাদা হয়ে যাবে। এর মধ্যে ইউরোপীয় সংস্থার ‘মার্কারি প্ল্যানেটারি অরবিটার’ (এমপিও) ২০২৭ সালের ১০ মার্চ চূড়ান্ত কক্ষপথে পৌঁছাবে এবং জাপানের ‘মার্কারি ম্যাগনেটোস্ফেরিক অরবিটার’ (মিও) গ্রহটির মেরু অঞ্চলের ওপর দিয়ে ডিম্বাকৃতির কক্ষপথে ঘুরবে।
মূল বৈজ্ঞানিক গবেষণা শুরু হবে আগামী বছরের ৬ এপ্রিল থেকে। এমপিও খুব কাছ থেকে বুধের পৃষ্ঠতল, অভ্যন্তরীণ গঠন, বিশাল ধাতব কেন্দ্র এবং মেরু অঞ্চলের গহ্বরে বরফের অস্তিত্ব নিয়ে তথ্য সংগ্রহ করবে। অন্যদিকে, মিও তুলনামূলক দূর থেকে গ্রহটির চৌম্বকক্ষেত্র ও সৌরঝড়ের সঙ্গে এর মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করবে।
ইএসএ-র বেপিকলম্বো প্রকল্পের বিজ্ঞানী গেরেইন্ট জোন্স বলেন, পাথুরে গ্রহগুলোর মধ্যে বুধ সম্পর্কেই বিজ্ঞানীদের জানাশোনা সবচেয়ে কম। বেপিকলম্বোর আট বছরের অভিযানে গতি কমাতে ও সঠিক পথ ধরে এগোতে মহাকাশযানটি পৃথিবীর পাশ দিয়ে একবার, শুক্র গ্রহের পাশ দিয়ে দুবার এবং বুধের পাশ দিয়ে ছয়বার উড়ে গিয়ে মাধ্যাকর্ষণ শক্তি কাজে লাগিয়েছে। শুরুতে সাত বছরের যাত্রা শেষে ২০২৫ সালের ডিসেম্বরে বুধে পৌঁছানোর কথা থাকলেও ২০২৪ সালে থ্রাস্টারের বিদ্যুৎ সরবরাহে ত্রুটি দেখা দেওয়ায় সময় প্রায় এক বছর পিছিয়ে যায়।
ইতালীয় গণিতবিদ ও প্রকৌশলী জুসেপ্পে বেপি কলম্বোর নামানুসারে এই মিশনের নামকরণ করা হয়েছে। মহাকাশযানের পথ নির্ধারণে গ্রহগুলোর মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহারের কৌশল উদ্ভাবনে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে।
সূত্র: স্পেস ডটকম
