জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্য উৎপাদনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার জোরালো আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ানের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, জলবায়ু সম্মেলনের প্রথম দিনেই দুই দেশের ফার্স্ট লেডির মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। এছাড়া বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগ, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির কথা তিনি তুরস্কের ফার্স্ট লেডিকে অবহিত করেন।
বাংলাদেশের জনগণের সহনশীলতার প্রশংসা করে এমিনে এরদোয়ান জানান, জলবায়ু পরিবর্তনের ফলে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে তুরস্ক তাদের অভিজ্ঞতা বিনিময় করতে ইচ্ছুক। এ লক্ষ্যে খুব শীঘ্রই একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এছাড়া বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং প্লাস্টিকের টেকসই বিকল্প হিসেবে বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দিতে তুরস্ক কাজ করবে বলে জানান।

বৈঠকে দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। তুরস্ক দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে উল্লেখ করে শামা ওবায়েদ জানান, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত তাদের স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন দেশটির ফার্স্ট লেডি। বৈঠক শেষে ডা. জুবাইদা রহমান এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং এমিনে এরদোয়ানও সুবিধাজনক সময়ে খুব শীঘ্রই বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেন।
বাণিজ্য থেকে রোহিঙ্গা সঙ্কট: তুরস্কের সঙ্গে সম্পর্কের নতুন গতি