কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, কয়েক দিন ধরে নজরদারিতে ছিলেন জাহাঙ্গীর আলম। এর আগে তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়। এরপর রাতেই স্পেশাল রেসপন্স ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা-পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শুক্রবারই পাওয়া গেছে। মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করে।’
এর আগে গত মঙ্গলবার ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়।
এ ছাড়া ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অপারেশনস) সফিজুল ইসলাম। তিনি জানান, তদন্তে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেন।
