লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে এমএলএস কাপের প্লে-অফে চমক দেখিয়েছে পয়েন্ট টেবিলের সাত নাম্বারে থাকা কলম্বাস । শনিবার তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় দলটি।
কলম্বাসের হয়ে জোড়া গোল করেছেন গঞ্জালো তাপিয়া। অন্য গোলটি তাহা হাবরুনের। অন্যদিকে মায়ামির একের পর এক আক্রমণ রুখে দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গোলরক্ষক প্যাট্রিক শুল্টি।
মৌসুমের শুরুটা ভালো না হলেও শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কলম্বাস। গত পহেলা সেপ্টেম্বর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে ছিল দলটি। তবে শেষ ছয় ম্যাচেই জয় তুলে নিয়ে প্লে-অফে জায়গা করে নেয় তারা। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখেই প্রথম ম্যাচে হারিয়ে দিল মেসিদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বাস। অষ্টম মিনিটে বক্সের ভেতর তাপিয়াকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় দলটি; নবম মিনিটে স্পট-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তাপিয়া নিজেই। বিরতির পর ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাবরুন। এর ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করে মায়ামির কফিনে শেষ পেরেক ঠুকে দেন তাপিয়া।
মায়ামিকে ম্যাচে ফেরানোর সুযোগ পেয়েছিলেন মেসিও। তবে কলম্বাসের গোলরক্ষক শুল্টির দৃঢ়তায় তা সম্ভব হয়নি। প্রথমার্ধেই মেসির দুটি নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করেন তিনি। ২৩ মিনিটে খুব কাছ থেকে নেওয়া মেসির শট ঠেকিয়ে দেন শুল্টি। ৩১ মিনিটে আর্জেন্টাইন মহাতারকার ফ্রি-কিকও জালে জড়াতে দেননি তিনি। পুরো ম্যাচে মায়ামির পাঁচটি গোলের সুযোগ রুখে দেন কলম্বাসের এই গোলরক্ষক।
এর মধ্যে ৩৬ মিনিটে বড় ধাক্কা খায় মায়ামি। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলের গঞ্জালো লুহানকে। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় মেসিদের।
মাঠের লড়াইয়ে পিছিয়ে পড়ার পাশাপাশি মেসির হতাশাও স্পষ্ট হয়ে ওঠে। থ্রো-ইন নেওয়ার সময় বল প্রতিপক্ষের তাপিয়ার মুখে ছুড়ে মারায় হলুদ কার্ড দেখেন তিনি। বিরতির সময় মাঠ ছাড়ার পথে মায়ামির খেলোয়াড়দের উদ্দেশে বিদ্রূপ করতে দেখা যায় গ্যালারির সমর্থকদের।
তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই মায়ামির সামনে। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী শুক্রবার কলম্বাসের মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে ম্যাচ শুরুর আগে ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাসের কাছ থেকে ২০২৬ সালের গোল্ডেন বুট পুরস্কার গ্রহণ করেন মেসি। চলতি মাসের শুরুতে এ পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। গত বছরও এই সম্মাননা পেয়েছিলেন তিনি।
