মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনা, তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক ঝুঁকির কারণে দীর্ঘদিন ধরেই অস্থির বিশ্ব জ্বালানি তেলের বাজার। তবে সেই অস্থিরতার মধ্যেই মিলছে কিছুটা স্বস্তির ইঙ্গিত। আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমেছে ৯১ ডলারে। যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা ও সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশাই ভূমিকা রাখছে দামের এই পতনে।
মঙ্গলবার (১০ নভেম্বর) লেনদেনে দাম কমে প্রায় দেড় শতাংশ। এতে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯১ ডলারের ঘরে। এর আগের দিন এক ধাক্কায় দাম কমেছিল ৫ দশমিক ৮৫ শতাংশ। গত ৩০ অক্টোবর ছয় মাসের সর্বোচ্চ ১১৮ ডলারে ওঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২২ শতাংশ কমেছে তেলের দাম।
দাম কমার বড় কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা প্রশমনের সম্ভাবনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা নেই। সংঘাত অবসানে আলোচনা এগোলে সামরিক উত্তেজনা আরও কমতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্য থেকেও তেল সরবরাহও বাড়ছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ঝুঁকি থাকলেও বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবহন অব্যাহত রয়েছে। অন্যদিকে সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বাড়ায় বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হয়েছে।
তবে হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ও যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে এখনও পুরোপুরি কাটেনি ঝুঁকি। ফলে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি না হলে কিংবা নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে তেলের দাম আবারও বাড়তে পারে।
