‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না। এদের চিনে রাখুন।’—দলের নেতা-কর্মীদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যে জহির উদ্দিন স্বপন দাবি করেন, আওয়ামী লীগ সরকারের পাহাড়সম দুর্নীতির কারণেই ২০২৪ সালের পাঁচ আগস্টের পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো এবং গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও নিষিদ্ধ কার্যক্রম প্রতিহত করার আহবান জানান তিনি। পাশাপাশি দলের ভেতরে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, পুলিশ ও বেসামরিক প্রশাসন এবং বুদ্ধিজীবীরা তাদের ডাকে সাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য প্রতিহত করবেন। তার দাবি, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে নৈরাজ্য সৃষ্টি করেছিলো, তা সারাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অপচেষ্টা প্রতিহত করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক শিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল, যুগ্ম আহবায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস প্রমুখ।
