পোশাক শ্রমিকদের নতুন বেতন-কাঠামো চূড়ান্ত করতে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মুজির বোর্ড কার্যালয়ে বৈঠক চলছে।
শ্রমিকদের বেতন নির্ধারণে লিখিত প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। এছাড়া তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণের জন্য বৈঠকে বিশেষজ্ঞ হিসেবে অংশগ্রহণ করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এছাড়া বিজিএমইএ'র সিনিয়র অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ আমিন রাসেল এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুল হক রাজু বৈঠকে অংশ নিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আজই চূড়ান্ত হতে পারে নতুন মজুরি কাঠামোর খসড়া।
এদিকে ন্যায্য মজুরি নিশ্চিতে বোর্ড কার্যালয়ের সামনে আজও অবস্থান নিয়েছে শ্রমিকদের একাংশ। যেখানে নেতৃত্ব দিচ্ছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন আহ্বায়ক আবুল হোসেন। তার মতে, শ্রমিক প্রতিনিধি ৩২ হাজার টাকা দাবি করলেও, মালিকপক্ষ শ্রমিকদের সন্তুষ্ট করতে পারলে, তা মেনে নেয়া হবে।
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আহ্বায়ক আবুল হোসেন বলেন, রাজপথ যদি উত্তাপ না থাকে তাহলে টেবিলে ভালো ফল পাবো না। যদি মালিকরা আমাদেরকে কনভেন্স করতে পারে এবং ১২ হাজার টাকায় শ্রমিকের জীবন মান স্ট্যান্ডার্ড আছে দেখাতে পারে তাহলেও আমরা মেনে নেব।
