ভারতে সামগ্রিক মূল্যস্ফীতির চেয়েও বড় উদ্বেগ হয়ে উঠেছে খাদ্যপণ্যের দাম। চাল, ডাল, পেঁয়াজ, টমেটো ও ভোজ্যতেলের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো পড়েছে বেশি চাপে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে ভারতের খুচরা মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.০৯ শতাংশে, সেপ্টেম্বরে যা ছিল ৫.৫৪ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি-৮.৯৪ শতাংশ। গ্রামাঞ্চলে এই হার ৯.০৯ শতাংশ।
খাদ্যপণ্যের দাম বাড়ার পেছনে অনিয়মিত আবহাওয়া, উৎপাদন ঘাটতি ও সরবরাহ সংকটকে দায়ী করছেন অর্থনীতিবিদেরা। চলতি বছর ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় ১৩ শতাংশ কম হয়েছে। দেশটির প্রায় ৬০ শতাংশ কৃষিজমি বৃষ্টির পানির ওপর নির্ভরশীল হওয়ায় এতে কৃষি উৎপাদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর প্রভাব পড়েছে মানুষের পকেটে। লোকাল সার্কেলসের এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে ছয়জনের মাসিক নিত্যপণ্যের ব্যয় বছর ব্যবধানে ২০ শতাংশের বেশি বেড়েছে। বাড়তি খরচ সামাল দিতে ৭৪ শতাংশ মানুষ বাইরে খাওয়া, কেনাকাটা ও বিনোদনের ব্যয় কমিয়েছেন। প্রায় অর্ধেক মানুষ আগের চেয়ে কম পরিমাণে পণ্য কিনছেন ।
ধনী-গরিবের ওপর এই মূল্যস্ফীতির প্রভাবও এক নয়। ক্রিসিলের হিসাবে, অক্টোবরে গ্রামাঞ্চলের দরিদ্রতম ২০ শতাংশ পরিবারের মূল্যস্ফীতি ছিল ৬.৯ শতাংশ, ধনী ২০ শতাংশের ক্ষেত্রে যা ৬.৫ শতাংশ। একইভাবে শহরাঞ্চলেও দরিদ্র পরিবারগুলো বেশি চাপে রয়েছে। এক বছরে চালের দাম ১০ শতাংশ, ডালের দাম ৮ শতাংশ, ভোজ্যতেলের দাম ১৩ এবং এলপিজির দাম ১০ শতাংশ বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের দুর্বল খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা এই সংকটকে আরও বাড়িয়ে তুলছে। উৎপাদন বেশি হলে কৃষক ন্যায্য দাম পান না, আবার সরবরাহ কমলে ভোক্তাদের কিনতে হয় বেশি দামে।
সরকারি খাদ্যশস্যের মজুত এবং প্রায় ৮০ কোটি মানুষকে বিনা মূল্যে খাদ্যশস্য দেওয়ার কর্মসূচি কিছুটা সুরক্ষা দিচ্ছে। তবে দীর্ঘদিন খাদ্যের দাম বেশি থাকলে বাড়তে পারে মজুরি ও উৎপাদন ব্যয়, তৈরি হতে পারে মূল্যস্ফীতির নতুন চক্র।
ফলে ভারতের খাদ্য মূল্যস্ফীতি এখন শুধু বাজারের সমস্যা নয়; এটি সাধারণ মানুষের জীবনযাত্রা ও সামগ্রিক অর্থনীতির জন্যও বড় চ্যালেঞ্জ।
