চুয়াডাঙ্গায় গভীর রাতে কুঁড়েঘরে অবস্থান করা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের কামরির বিলে এই হত্যার ঘটনা ঘটে।
নিহতের নাম বদর উদ্দিন (৫০)। তিনি গহেরপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি তিতুদহ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লতিফ হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে বদর উদ্দিন গহেরপুর গ্রামের মাঠে নিজ জমির পাশে কামরির বিলের ধারের একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বুধবার (২৫ নভেম্বর) ভোরে গ্রামের কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে কুঁড়েঘরে বদর উদ্দিনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যায় জড়িতের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
