ময়লার ভাগাড়ে পরিণত হওয়া রাজধানীর মিরপুরের প্যারিস খাল বাঁচাতে উদ্ধার অভিযান শুরু হয়েছে। প্রায় ১২০০ স্বেচ্ছাসেবক নিয়ে শুক্রবার সকাল থেকে খাল পরিষ্কারের কাজ শুরু করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক।
মেয়র বলেন, দুই ধাপে প্যারিস খাল উদ্ধার হবে। প্রথমে পানি প্রবাহ নিশ্চিত করতে বর্জ্য পরিষ্কার এবং দ্বিতীয় ধাপে হবে অবৈধ দখল মুক্ত করা ।
উচ্ছেদ অভিযানের বিষয়ে তিনি বলেন, খালে পাড়ে বসবাসকারী অধিকাংশ মানুষই নিম্ন আয়ের। এই শীতে তাদের কষ্ট না দিয়ে কিছু দিন সময় দিতে চাই। যেহেতু খাল নিয়ে কোনো মামলা নেই, তাই অবৈধ স্থাপনা উচ্ছেদে কোন বাধা নেই এবং এখন পর্যন্ত কেউ আপত্তি করেনি।
রাজধানী মিরপুরের ১০ নাম্বার থেকে সামান্য হাঁটলেই প্যারিস রোড এর অদূরেই প্যারিস খাল। সাংবাদিক আবাসিক এলাকার পাশ থেকে শুরু হয়ে কালশী রোড হয়ে পলাশনগরে এসে মিলেছে।
এই খালে এক সময় নৌকা চলতো। কিন্তু অবৈধ দখলদারের কবলে পরে খালের বিভিন্ন অংশ ভরাট হয়ে স্থাপনা গড়ে ওঠে।
বর্জ্য ও সুয়ারেজের পানির কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে পরিণত হয় ময়লার ভাগাড়ে।
খালটির ৪০ ফিট প্রশস্ত থাকার কথা থাকলেও বাসাবাড়ির ময়লা ও দখলদারদের কারণে ১৮ ফিটে নেমে এসেছে।
খাল রক্ষায় এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র আতিক বলেন, পরিষ্কারের পর খালের পাড়ে সিসি টিভি ক্যমারা লাগানো হবে, যাতে কেউ ময়লা ফেলে খালকে আবার ভাগাড় বানাতে না পারে। এর পরেও কেউ এমন কিছু করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিশ্বের উন্নত দেশে বাড়ি বানানো হয় খালকে সমনে রেখে। কিন্তু আমাদের দেশে এর বিপরীত চিত্র। বাড়ির পিছনে খাল রাখা হয় যাতে বর্জ্য ফেলা যায়।
প্যারিস খাল উদ্ধার অভিযানের অংশ হিসেবে খালের বাকি তিনটি শাখাও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।
এছাড়া সুতিভোলা খালে শিগগিরই ওয়াকয়ের কাজ শুরু হবে বলেও জানান তিনি। বলেন, ঢাকাবাসীর জন্য খালের জায়গা ছেড়ে দিতে হবে।
