বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা ঢাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা গ্রামীণ ব্যাংকের হেড অফিস এ অবস্থিত নোবেল গ্যালারি পরিদর্শন করেন। এসময় গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের বর্ণাঢ্য কর্মজীবন ও বাংলাদেশের নোবেল বিজয়ের গল্পগাঁথা তুলে ধরেন।
পরবর্তীতে ইউনূস সেন্টার সফর শেষে সামরিক উপদেষ্টারা ঢাকার উত্তরায় অবস্থিত গ্রামীন ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেন। তারা নার্সিং কলেজের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় নার্সিং কলেজের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন তারা।
এর আগে গতকাল ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রধান উপদেষ্টা বাংলাদেশে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন। তারই ধারাবাহিকতায় আজ গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টারা গ্রামীন ব্যাংক ও এর অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন ও প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ'র ২৭ রাষ্ট্রদূতের বৈঠক সোমবার