পাকিস্তান সরকারের সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে ২২ জন বাংলাদেশি শিক্ষার্থীর দ্বিতীয় দলটি ঢাকা ছেড়েছেন। ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ (আল্লামা ইকবাল স্কলারশিপ প্রোগ্রাম)-এর আওতায় পাকিস্তানগামী শিক্ষার্থীরা মূলত সে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন মেয়াদে পড়াশোনা করবেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
উচ্চশিক্ষার এই যাত্রা নিয়ে বিমানবন্দরে শিক্ষার্থীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যায়। এই স্কলারশিপ কর্মসূচিকে তাদের শিক্ষাগত আকাঙ্ক্ষা পূরণের একটি মূল্যবান সুযোগ হিসেবে অভিহিত করেন তারা। একই সঙ্গে সম্পূর্ণ অর্থায়নে আন্তর্জাতিক মানের শিক্ষা লাভের এই উদার ও গুরুত্বপূর্ণ সুযোগ করে দেওয়ার জন্য তারা পাকিস্তান সরকার ও সে দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এর আগে, বুধবার (২৩ সেপ্টেম্বর) এই স্কলারশিপ প্রোগ্রামের দ্বিতীয় ধাপে প্রথম দফায় ৪২ জন শিক্ষার্থী পাকিস্তানের উদ্দেশে রওনা হন। এই কর্মসূচির অধীনে বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন।
