রাজধানীর তেজগাঁও কলেজ জামে মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ১২ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে ধর্মীয় উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিলো।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তেজগাঁও কলেজ জামে মসজিদে সন্দেহভাজন হিসেবে একত্রিত হওয়ার পর মোট ২৩ জনকে আটক করেছিলো সিটিটিসি। দিনভর দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর ১১ জনকে তাদের পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে বাকি ১২ জনের বিরুদ্ধে উগ্রবাদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর হক দিদার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ডিভাইসে জঙ্গি কার্যক্রমের বিভিন্ন আলামত পাওয়া গেছে। কেন তারা মসজিদে একত্রিত হয়েছিলেন এবং তাদের মূল উদ্দেশ্য কী ছিলো—তা উদ্ঘাটন করা প্রয়োজন। পাশাপাশি পাশের দেশের প্ররোচণায় কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা ছিরো কি না, তা খতিয়ে দেখতেই রিমান্ড আবেদন করা হয়।
তবে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযোগ ও উগ্রবাদী সংগঠনের সঙ্গে তাদের গভীর সম্পর্কের বিষয়ে রিমান্ডে বিস্তারিত জিজ্ঞাসাবাদের পরই চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।
